বিজ্ঞাপন

‘৯০ মিনিট খেলার মতো শক্তি নেই লিভারপুলের’

‘৯০ মিনিট খেলার মতো শক্তি নেই লিভারপুলের’

এখনও ক্লাব ফুটবলের মৌসুম শুরু হয়নি, তবে প্রতিযোগিতামূলক ফুটবলের প্রস্তুতিতে তারা প্রাক-মৌসুম ম্যাচ খেলছে। যেখানে ফরাসি ক্লাব মোনাকোর কাছে ৩-২ গোলে হেরেছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। এরপর অলরেড কোচ আন্দোনি ইরাওলা অকপটে স্বীকার করলেন, ৯০ মিনিট প্রতিযোগিতা করার মতো প্রয়োজনীয় ফিটনেস নেই খেলোয়াড়দের।

এর আগে আর্নে স্লটের সঙ্গে মাত্র দ্বিতীয় মৌসুম পরই যাত্রা শেষ করে লিভারপুল। অভিষেক মৌসুমে তার অধীনে ক্লাবটি অবিশ্বাস্যভাবে ইংলিশ চ্যাম্পিয়ন হলেও, পরের বছর আলেক্সান্ডার ইসাক ও ফ্লোরিয়ান ভির্টজের মতো প্রতিভাবানরা হতাশ করেছেন। ইরাওলার অধীনেও এখনও পুরো ছন্দে ফিরতে পারেননি তারা। যদিও মোনাকো ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ইংলিশ জায়ান্টরা।

প্রাক-মৌসুমের ম্যাচে মোনাকোর কাছে অ্যানফিল্ডে হারের পর লিভারপুল কোচ ইরাওলা বলছেন, ‘আমার মতে প্রথমার্ধে আমরা সত্যিই ভালো খেলেছি, বিশেষত শুরুর ৩০ মিনিট। তবে এভাবে খেলার জন্য যে মানের প্রয়োজন, সম্ভবত এই মুহূর্তে আমাদের তা আর ধরে রাখার সামর্থ্য নেই। এরপর দ্বিতীয়ার্ধে তারা অনেক ভালো খেলেছে। ঠিক যেভাবে প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, দ্বিতীয়ার্ধে তারা অনেক ভালো খেলেছে। আর হ্যাঁ, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব তাদেরই প্রাপ্য।’

বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার প্রথমবার প্রাক-মৌসুম ম্যাচ খেলতে নেমেছিলেন। তারা এখনও ৯০ মিনিট খেলার মতো মানে নেই জানান লিভারপুল কোচ, ‘আমার মনে হয় তাদের দক্ষতার স্তর ভিন্ন হলেও, সামগ্রিকভাবে তারা ভালো অবস্থানেই ছিল। বিশেষ করে যাদের জন্য এটি ছিল প্রথম বা দ্বিতীয় ম্যাচ, তাদের মধ্যে বেশ উদ্দীপনা ও প্রাণশক্তি দেখা গেছে। সমস্যা হলো, সম্ভবত ৯০ মিনিট খেলার মতো প্রয়োজনীয় শক্তি বা স্ট্যামিনা তাদের এখনও হয়নি এবং দ্রুতই ক্লান্ত হয়ে পড়ছে। তাদের প্রস্তুত হতে সময় লাগবে। তাদের নিয়ে আরও অনুশীলনের প্রয়োজন।’

দলে অবশ্য কিছু ইনজুরির সমস্যাও আছে। জো গোমেজ, জিওভান্নি লিওনি এবং নতুন সাইনিং জেরেমি জ্যাকুয়েটের মতো ফুটবলাররা চোটগ্রস্ত। কোমরের সমস্যায় মোনাকো ম্যাচে কার্টিস জোনসও খেলতে পারেননি বলে জানান ইরাওলা। তবে বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো নিশ্চিতভাবে অলরেডদের রক্ষণে শক্তি জোগাবে। দুই ক্লাবের চুক্তিতে ৫৫ মিলিয়ন পাউন্ডে স্থায়ী দলবদলের সুযোগ রাখা হয়েছে।

 প্রসঙ্গত, ২৩ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলবে লিভারপুল, প্রতিপক্ষ নিউক্যাসল। তার আগেই তাদের আরেকটি প্রাক-মৌসুম ম্যাচ রয়েছে।

এএইচএস