দুই টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে দলটির সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার।
আশিক বলছিলেন, 'ডে বাই ডে উন্নতি হচ্ছে, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। বিশেষ করে লঙ্গার ভার্শন ক্রিকেট হওয়ায় স্লিপ ক্যাচ, হাই ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগ এ ধরনের ক্যাচিং প্র্যাকটিস বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো করছে।'
কন্ডিশন নিয়ে আশিক বলেন, 'একটা প্র্যাকটিস ম্যাচ খেলায় অনেক ভালো হয়েছে। প্র্যাকটিস ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। ভালো ক্যাচ ধরেছে। কন্ডিশন আমাদের মনের ভেতরে। পৃথিবীর যে কোনো জায়গাতেই যত দ্রুত আমি মানিয়ে নিতে পারব ততই ভালো। আমরা অনেক আগেই এসেছি এখানে। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেকটা হয়ে গেছে। আমি বলব ৯০ শতাংশ হয়ে গেছে।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ দিনের জন্য প্রস্তুত, আশিক জানালেন, 'আলহামদুলিল্লাহ আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত। ক্রিকেট গোল বলের খেলা। মানসিক-শারীরিক দুইভাবেই প্রস্তুতি নিচ্ছি।'
দলের ফিল্ডিংয়ের বিষয়ে আশিক আরও বলেন, 'ফিল্ডিংয়ে হাফ চান্স কাজে লাগানো সবচেয়ে বড় ব্যাপার হলো কনসেন্ট্রেশন ধরে রাখা। লঙ্গার ভার্শনে দেখবেন অনেকক্ষণ ধরে বল আসছে না, তবে হঠাৎ একটা আসে ঐ একটাই ধরতে হয়। বিশেষ করে লঙ্গার ভার্শন ক্রিকেটে হাফ চান্সকে ফুল চান্স বানানো মূল লক্ষ্য। এটা নিয়েই কাজ চলছে, কনসেন্ট্রেশন কীভাবে বৃদ্ধি করা যায়।'
এসএইচ
