বিজ্ঞাপন

কিরগিজ ক্লাবকে হারিয়ে অভিষেকেই বাজিমাত ফর্টিজের

কিরগিজ ক্লাবকে হারিয়ে অভিষেকেই বাজিমাত ফর্টিজের

রেফারির শেষ বাঁশির সঙ্গে ফর্টিজের উল্লাস। কোচিং স্টাফ-খেলোয়াড়রা একে অন্যকে জড়িয়ে ধরছেন। প্রথমবারের মতো এশিয়ান মঞ্চে খেলছে ফর্টিজ। অভিষেক ম্যাচে কিংস অ্যারেনায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব নিশ্চিত করেছে তারা।

কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড গত বছরও ঢাকায় এসেছিল। ঢাকা আবাহনীকে জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছিল। এবার ফর্টিজের কাছে পরাজিত হয়েছে। ম্যাচে পিছিয়ে পড়ে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা৷

কিরগিজস্তান ঠান্ডা প্রধান দেশ। তাই হোম অ্যাডভান্টেজ নিতে ফর্টিজ গরমে বিকেল তিনটায় ম্যাচ রেখেছিল। তাদের সেই কৌশল কাজে লেগেছে। মুরাস ইউনাইটেড গরমে স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি। পাশাপাশি ফর্টিজ পরিকল্পিত ফুটবল খেলেছে।

প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। বল দখল ও আক্রমণে দুুই দলই সমান সমান ছিল। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে ম্যাচের চিত্র বদলে দেন ইব্রাহিম। ৫২ মিনিটে গাম্বিয়ান পা ওমরের বাড়ানো বলে ইব্রাহিম বক্সের মধ্যে বল পান। ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জোরালো শটে গোল করেন। এক বছর আগে ইব্রাহিম আবাহনীর জার্সিতে মুরাসের বিপক্ষে হেরেছিলেন। এক বছর পর তার গোলে ফর্টিজ মুরাসকে হারাল। 

পিছিয়ে পড়ে মুরাস গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ৮০ মিনিটে একটি পেনাল্টি পায়। মুরাসের ফরোয়ার্ডের নেয়া শট সাইড পোস্টে লেগে ফেরত আসে। এতে আরো উজ্জীবিত হয় ফর্টিজ। ম্যাচের বাকি সময় মুরাস সমতা আনার চেষ্টা করলেও ফর্টিজের লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ও ডিফেন্ডারদের জন্য আর গোল পায়নি সফরকারীরা। 

ফর্টিজ বাংলাদেশের ফুটবলে নবাগত দল। মাত্র বছর ছয়েক হলো তাদের লিগে পথ চলা। এবার লিগে তৃতীয় স্থান অর্জন করেছিল। চ্যাম্পিয়ন কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী ফিফা নিষেধাজ্ঞায় থাকায় ফর্টিজ ও পুলিশ এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পাচ্ছে। 

এজেড/এইচজেএস