বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সংকট ঘনীভূত হচ্ছে। আসন্ন ফুটবল মৌসুমে তাদের অংশগ্রহণ আরো অনিশ্চয়তার মধ্যে পড়েছে। গতকাল আরও দুটি নিষেধাজ্ঞা যুক্ত হয়েছে কিংসের পাশে। সব মিলিয়ে এখন তাদের ১৪ ফিফা নিষেধাজ্ঞা।
কিংসের এত দিন খেলোয়াড়-কোচদের দেনাপাওনা ইস্যুতে ১১টি নিষেধাজ্ঞা ছিল। ৫ আগস্ট আরেকটি নিষেধাজ্ঞা যোগ হয়। দলবদলের একেবারে শেষ মুহূর্তে আরও দুটি নিষেধাজ্ঞা বাড়ায় এই মৌসুমে খেলা খুব দুরূহ হয়ে পড়ছে কিংসের জন্য।
গতকাল ছিল বাফুফের ক্লাব লাইসেন্সিং আবেদনের শেষ দিন। বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও ফকিরেরপুল নিষিদ্ধ থাকায় লাইসেন্স আবেদন করতে পারেনি। ক্লাব লাইসেন্সিং না হলে ঘরোয়া লিগে অংশগ্রহণ করতে পারবে না। বাফুফে তিন দফা সময় বাড়িয়ে ১১ আগস্ট করেছিল। সেটাও কাল পেরিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ফেডারেশনের মাধ্যমে জানা গেছে এটা বাড়ছে।
আবাহনীর কর্মকর্তা সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘আমরা খেলোয়াড়ের পাওনা পরিশোধ সংক্রান্ত একটি চুক্তি করেছি। সেই চুক্তি মোতাবেক টাকা প্রেরণ করেছি। ফলে আমাদের এখন খেলোয়াড়দের বকেয়া নেই, ক্লাব লাইসেন্সিং করার অনুমতি চেয়েছি ফেডারেশনের কাছে।’
ফিফার নিষেধাজ্ঞা না উঠলে নিবন্ধন করা যাবে না। ক্লাব লাইসেন্সিংয়ের মতো খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা বাড়ানোর দাবি আবাহনীর। রুপু বললেন, ‘এই পরিস্থিতিতে ১৩ আগস্টের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা খুব কঠিন। ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপের সূচি, ফলে ফেডারেশনের প্রতি অনুরোধ থাকবে খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময় আরও কয়েকদিন বাড়ানোর।’
১ জুন থেকে ২০২৬-২৭ মৌসুমের দলবদল শুরুর কথা ছিল। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ফিফা নিষেধাজ্ঞা থাকায় কয়েক দফা পিছিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়া হয়। ঢাকা আবাহনী তিন নিষেধাজ্ঞার মধ্যে দুটি প্রত্যাহার করেছে, আরেকটি প্রক্রিয়াধীন। ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া ফুটবলের দলবদল। আগস্টের শেষ সপ্তাহে লিগ, ফেডারেশন কাপ শুরু হবে তাই ১৩ আগস্টের মধ্যে ন্যুনতম ২৩ জন ফুটবলারকে নিবন্ধন করাতে হবে। এর আগে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবাহনী ও কিংসের নিষেধাজ্ঞার জন্য বাফুফে বিকল্প হিসেবে ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ও আরামবাগকে প্রিমিয়ার লিগে খেলার বিশেষ সুযোগ দিয়েছে। ফকিরেরপুল ফিফা নিষেধাজ্ঞা কাটানোর চেষ্টা করছে। ওয়ান্ডারার্স ও আরামবাগের কোনো নিষেধাজ্ঞা না থাকলেও তারা দল গঠনের অনুমতি বিলম্বে পাওয়ায় খানিকটা সময় চেয়েছে ফেডারেশনের কাছে।
এজেড/এফএইচএম
