ম্যাচের আগে হতাশা লুকায়নি প্যারিস সেন্ট জার্মেই। ড্রেসিংরুম নিয়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে। তাদের খুশি করতে দেওয়া হয়েছে বাড়তি ড্রেসিংরুম!
আজ (বুধবার) সুপার কাপে ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা। ম্যাচটি হবে রেড বুল এরেনায়।
ভিলা এই ম্যাচের আগে রেড বুল সলজবুর্গের হোম ড্রেসিংরুম ব্যবহার করছে। আর পিএসজি অ্যাওয়ে ড্রেসিংরুম পেয়েছিল।
কিন্তু গত সোমবার ম্যাচের আগের বৈঠকে পিএসজি কর্মকর্তারা উয়েফাকে জানায়, তারা সুযোগ সুবিধা নিয়ে খুশি নয়। তাদের মনে হয়েছে ড্রেসিংরুম অনেক ছোট।
ফরাসি ক্লাবটি ভিলার সমান আকারের ড্রেসিংরুম চেয়েছিল। বিশেষ করে তারা যেহেতু গত বছর পেনাল্টিতে টাইব্রেকারে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল।
উয়েফা পরে তাদের জন্য কর্মকর্তাদের ব্যবহার করা একটি ড্রেসিংরুম বরাদ্দ দিয়েছে। তাদের জায়গা করে দিতে কোনো কর্মকর্তাকে সরাতে হয়নি।
পিএসজি ২০ জনের স্কোয়াড নিয়ে এই ম্যাচ খেলতে গেছে। তাদের মধ্যে আছেন লিভারপুল টার্গেট ব্রাডলি বারকোলা, মিডফিল্ডার ভিতিনহা ও রোববার ভিলা থেকে আসা লেফট ব্যাক লুকাস দিনিয়ে।
গত মে মাসে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল পিএসজি। আর ১৯৮২ সালের পর প্রথমবার সুপার কাপ খেলবে ভিলা। ইউরোপা লিগে ফ্রেইবুর্গকে হারিয়ে ক্লাবের ৩০ বছরের শিরোপার খরা ঘুচান এমেরি।
এফএইচএম
