বিজ্ঞাপন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ পরিচালনায় থাকছেন অভিজ্ঞ আম্পায়াররা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ পরিচালনায় থাকছেন অভিজ্ঞ আম্পায়াররা

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার)। বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত এই সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্বেও রয়েছেন হেভিওয়েট সব অফিসিয়ালরা। আইসিসির অভিজ্ঞ ও দক্ষ আম্পায়ার ও ম্যাচ রেফারিরাই সামলাবেন এই সিরিজ। কারণ এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আগামীকাল (১৩ আগস্ট) ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও কুমার ধর্মসেনা। এই ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নীতিন মেনন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি।

দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায়। এই টেস্টে নীতিন মেননের সঙ্গে যথারীতি কুমার ধর্মসেনা থাকবেন অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায়। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন দোনোভান কচ। দুটি ম্যাচেই ম্যাচ রেফারির গুরুদায়িত্ব সামলাবেন রিচার্ড রিচার্ডসন।

২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পয়েন্ট হারাতে রাজি নয় স্বাগতিক অজিরা, ফলে তারা পূর্ণ শক্তির দল সাজিয়েছে এই সিরিজে। এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্ত’র দল।

এসএইচ/এএইচএস