বিশ্বকাপ ফাইনালের ঠিক তিন সপ্তাহ পর নতুন ইউরোপিয়ান ফুটবল মৌসুমের প্রথম ট্রফির লড়াইয়ে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই ও অ্যাস্টন ভিলা। উয়েফা সুপার কাপ খেলতে সলজবুর্গের রেড বুল এরেনায় নামবে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় আজ (বুধবার) দিবাগত রাত ১টায় হবে ম্যাচটি।
রিয়াল মাদ্রিদের পর (২০১৬ ও ২০১৭) দ্বিতীয় দল হিসেবে আধুনিক যুগে টানা দুটি সুপার কাপ জয়ের মিশনে পিএসজি। গত বছরের ম্যাচে পেনাল্টি শুটআউটে টটেনহ্যামকে হারিয়েছিল তারা। গত মৌসুমেই দুই দলের দেখা হয়েছিল। গত বছর এপ্রিলে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ভিলা ৩-২ গোলে জিতেছিল। যদিও প্রথম লেগ ৩-১ গোলে জেতায় সেই হারের প্রভাব পড়েনি প্যারিসের দলের ওপর।
পিএসজির সামনে চতুর্থ দল হিসেবে টানা দুটি উয়েফা সুপার কাপ জয়ের হাতছানি। এর আগে আয়াক্স, এসি মিলান ও রিয়াল এই কীর্তি গড়েছিল। ম্যাচটি জিতলে পিএসজি কোচ হিসেবে লুইস এনরিকে ১৩তম ট্রফি জিতবেন। ভিলা কোচ উনাই এমেরি তার আগের তিন উয়েফা সুপার কাপ ম্যাচের সবগুলো হেরেছিলেন। তবে এনরিকে দুটিই জিতেছেন।
এনিয়ে দ্বিতীয়বার সুপার কাপে ভিলা। প্রথমবার তারা খেলেছিল ১৯৮৩ সালে। ৩-১ গোলে বার্সেলোনাকে হারিয়েছিল ইংলিশ ক্লাব। আর পিএসজি এনিয়ে তৃতীয়বার সুপার কাপে। গত বছর পেনাল্টি শুটআউটে জিতে ট্রফি নেওয়ার আগে ১৯৯৭ সালে জুভেন্টাসের কাছে ৯-২ গোলের অগ্রগামিতায় হেরেছিল।
এই ম্যাচে আলোচনায় আছেন সোমালিয়ার রেফারি ওমর আর্তান। বিশ্বকাপের দায়িত্ব পেয়েও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা সন্দেহে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠিয়ে বিতর্কের ঝড় তুলেছিল যুক্তরাষ্ট্র। পরে উয়েফা তাকে এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়ে সম্মানিত করে। প্রথম সোমালি রেফারি হিসেবে কোনো উয়েফা ম্যাচ পরিচালনা করবেন তিনি।
এফএইচএম
