অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল আকাঙ্ক্ষিত টেস্ট সিরিজে বাংলাদেশের বড় বিজ্ঞাপন হতে পারতেন নাহিদ রানা। দুঃসংবাদটির আগে অস্ট্রেলিয়ান গণমাধ্যমেও বারবার উঠে আসছিল টাইগার গতি তারকার কথা। দুর্ভাগ্যবশত আসন্ন সিরিজে রানাকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন এরই মধ্যে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আগামীকাল স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরির বাস্তবতা মেনে নিলেও সতীর্থ নাহিদ রানাকে মিস করার কথা জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
ম্যাচের আগের দিন আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলছিলেন, 'অবশ্যই ওকে (নাহিদ) মিস করব। তবে এখন আসলে 'যদি-কিন্তু' চিন্তা করে লাভ নেই। খুবই দুর্ভাগ্যজনক যে নাহিদ রানা এখানে নেই।'

দলে বাকি যে পেসাররা রয়েছেন তাদের ওপর ভরসা রাখছেন শান্ত। এ ছাড়া ব্যাটারদের নিয়েও আশাবাদী টাইগার অধিনায়ক, 'আমাদের যে পেস ইউনিট আছে, আমি বিশ্বাস করি তারাও এই কন্ডিশনটা ভালোভাবে ব্যবহার করতে পারবে। ব্যাটিং ইউনিট হিসেবে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। আমরা সেসব নিয়ে কাজ করেছি। ছেলেরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।'
২০০৩ সালের পর এবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গেল টাইগাররা। যে কারণে এই সিরিজে লড়াই করতে চান শান্ত, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। ২৩ বছর আগে বাংলাদেশ এখানে খেলেছিল। সৌভাগ্য যে আবার সেই সুযোগ এসেছে। আমরা লড়াই করতে চাই। অধিনায়ক হিসেবে আমি বিশ্বাস করি, আমরা ভালো কিছু করতে পারব।’
এসএইচ/এফআই
