বিজ্ঞাপন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের আগে তাসকিন-হেডের কণ্ঠে একই সুর

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের আগে তাসকিন-হেডের কণ্ঠে একই সুর

অস্ট্রেলিয়া জাতীয় দলের মুখোমুখি হওয়ার আগে তাদের আনকোরা এক একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যা নিয়ে অনুভূতি ভালো না হলেও, মূল ম্যাচে ভালো করার আশা সফরকারী তারকা তাসকিন আহমেদের। একইভাবে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখে বাংলাদেশকে বিচার করতে চান না অজি তারকা ট্রাভিস হেড।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ২২ ওভার ব্যাট করে ৫৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ অস্ট্রেলিয়ার পেসার ক্যাম্পবেল থম্পসন ২৫ রানে ৮ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত ইনিংস ও ৩৮ রানে ম্যাচটি হারে নাজমুল হোসেন শান্ত’র দল। তবে দলের পেস আক্রমণের নেতা তাসকিনের মতে, ম্যাচে এমন বিপর্যয় হলেও অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ২০০৮ সালের পর আর অস্ট্রেলিয়ায় সফর করেনি। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাসকিনও এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছেন শুধু ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ওই প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়াটা ভালো অনুভূতি ছিল না। কিন্তু ক্রিকেটে এমনটা হয়। আমরা এখনও কন্ডিশন ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

‘তাই এটি ভালো প্রস্তুতি ছিল, কিন্তু আমরা হেরেছি। তবে আমরা এখনও মূল ম্যাচে ভালো করার আশা করছি’, আরও যোগ করেন তাসকিন। ৩১ বছর বয়সী এই টাইগার পেসার ‘ঐচ্ছিক’ অনুশীলনের বদলে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি ও জ্যাক ওয়েদারাল্ডের সঙ্গে মাছ ধরার সফরে বের হন, তার আড়ালে আয়োজিত একটি সংবাদমাধ্যমের কার্যক্রমেও যোগ দেন তারা। তিনজনই অবশ্য ডারউইনের পশ্চিমে স্বচ্ছ নীল পানিতে প্রায় এক ঘণ্টা কাটালেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরেছেন।

dhakapost

তবে সদ্য অ্যালান বোর্ডার মেডেলজয়ী (অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার) ট্রাভিস হেড মাছ ধরার বদলে বাংলাদেশের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। মারারা ক্রিকেট কমপ্লেক্সের দ্বিতীয় মাঠে সেন্টার উইকেটের অনুশীলনে অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে অল্প সময় ব্যাটিং করেন বাঁ-হাতি এই আগ্রাসী ওপেনার। এরপর ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটোর তত্ত্বাবধানে নেটে ব্যাটিং করেন তিনি।

হেড বলেন, প্রস্তুতি ম্যাচের স্কোরকার্ড নিয়ে তিনি খুব একটা ভাবছেন না। তার মতে, সফরের ম্যাচ ঠিকভাবে সামলানো সবসময়ই কঠিন। হেড বলেন, ‘বছরের পর বছর আমিও বেশ কিছু খারাপ প্রস্তুতি ম্যাচ খেলেছি। এগুলো সবসময়ই কঠিন, কারণ তখন আপনার মন অন্য জায়গায় থাকে। অস্ট্রেলিয়া একাদশের প্রতি কোনো অসম্মান নয়, তবে বাংলাদেশের দলে এমন খেলোয়াড় থাকবে, যারা শুধু বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই ভাবছে এবং সেই ম্যাচের জন্য যা প্রয়োজন, সেটাই প্রস্তুতি ম্যাচ থেকে পাওয়ার চেষ্টা করেছে।’

তাসকিনের কণ্ঠে সুর মিলিয়ে অজি তারকা বলছেন, ‘প্রথম ইনিংসে তারা ভালো খেলেছিল…ওই ইনিংস এবং ম্যাচের ফলাফল নিয়ে তারা হতাশ হবে। বাইরে থেকে বিষয়টি যেভাবে দেখা যাচ্ছে, সেটিও তাদের হতাশ করবে। কিন্তু আমার মনে হয়, ভেতরে ভেতরে তারা শুধু বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই ভাবছে।’

ডারউইনে আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। দুই দল এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়ে বাংলাদেশের জয় স্রেফ একটি। বাকি ৫টি টেস্টের মধ্যে অজিদের তিনটি জয়ই ইনিংস ব্যবধানে।

এএইচএস