আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের সঙ্গে কাতার বিশ্বকাপেরও আগে থেকে সম্পর্ক তিনিতি স্তোসেলের। সময়ের সঙ্গে তাদের সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা। আর্জেন্টাইন পপ তারকা স্তোসেলই মূলত সেই জল্পনা বাড়িয়ে দিলেন। ইতোমধ্যে ডি পলের সঙ্গে তার বিয়ের প্রস্তুতি শুরুর কথা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের উদ্দেশে রোমান্টিক বার্তায় তিনিতি স্তোসেল লিখেছেন, ‘এবং একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি।’ এর পাশাপাশি বাগদানের আংটি পরিহিত ছবিও দিয়েছেন তিনি।
— Diario Olé (@DiarioOle) August 11, 2026
প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিতে তিনি প্যারিসে গেছেন এবং সেই সফরের কিছু অংশও ধারণ করেছেন। যা নিয়ে আর্জেন্টাইন এই পপ তারকার অনুভূতি– ‘আমি খুবই রোমাঞ্চিত, খুব খুশি।’ পোশাকের ট্রায়ালের সময় ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের তারকা ডি পলকে ফোন করে নিজের অনুভূতিও জানিয়েছেন তিনি।
তিনিতি বলছেন, ‘আমি ভেবেছিলাম আমরা শুধু কাপড় দেখতে যাব। কিন্তু আমি এটা পরেও দেখলাম…।’ তবে তখনও পোশাকটির নকশা প্রকাশ করেননি তিনি। যার জবাবে ডি পল বলেন, ‘আমার জীবনের প্রতিটি দিন আমি সেই মুহূর্তটির স্বপ্ন দেখি। আমাকে এতটা সুখী করার জন্য তোমাকে ধন্যবাদ।’ স্পষ্টভাবে না বললেও, ডি পল বিয়ের প্রস্তুতিই নিচ্ছেন বলে ধারণা সংবাদমাধ্যমের।
২০২৬ সালের মে মাসে তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন ডি পল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটিও দেখান তিনি। সেই মুহূর্ত থেকেই তাদের বিয়ের কাউন্টডাউন শুরু হয়েছে। এরপর থেকেই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল– তারা কবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উভয়ের কেউই সেই ইঙ্গিত না দিলেও, একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপিকার মন্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
আর্জেন্টিনার উপস্থাপক সুসানা হিমেনেসের অনুষ্ঠান ‘পোর এল মুন্দো’-তে হাজির হয়ে আলেহান্দ্রো ‘মার্লে’ ভিয়েবের সঙ্গে কথোপকথনের সময় একটি অপ্রত্যাশিত তথ্য সামনে আসে। সেখানে বলা হয়, তিনি স্তোসেল ও রদ্রিগো ডি পলের বিয়ে ১৯ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই তারিখের বিষয়ে এখনও তিনি বা ডি পল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। সেটি সত্যি নাকি কেবলই জল্পনা তা জানতে আরও অপেক্ষা করতে হবে ভক্তদের।
এএইচএস
