আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান ভারতীয় দলের সাবেক অধিনায়ক। কিন্তু প্রধান নির্বাচক অজিত আগরকারের পরিকল্পনায় তাকে রাখার আগ্রহ নেই। ইংল্যান্ড সফরেই নাকি রোহিতকে সেই বার্তা দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি, এমনকি অভিযোগ জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত বোর্ড কর্তাদেরও হস্তক্ষেপ করতে হয়।
মাঠে অবশ্য রোহিত জবাবটা দিয়েছিলেন ব্যাট হাতে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের ক্যারিয়ার যে এখন শেষ প্রান্তে, সেটি তিনিও নিশ্চয়ই জানেন। আর সেই কারণেই কি ক্রিকেটের বাইরে নতুন এক ইনিংসের প্রস্তুতি?
রোহিত এবার ক্যারিয়ার শুরু করছেন টেলিভিশনের পর্দায়। সনি এন্টারটেইনমেন্টে একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি। অনুষ্ঠানের নাম ‘দ্য রোহিত শর্মা শো’। সনির প্রিভিউ পেজে এটিকে রিয়্যালিটি শো হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানটি দেখা যাবে সনি লাইভেও।
রোহিতকে এই অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়েছিল গত মে মাসে। এরই মধ্যে প্রোমোর শুটিংও হয়ে গেছে। প্রকাশ্যে এসেছে শুটিংয়ের একটি ভিডিও, যেখানে ক্যামেরার অবস্থান থেকে শুরু করে অনুষ্ঠানের নানা খুঁটিনাটি বুঝে নিতে দেখা গেছে ভারতীয় তারকাকে।
প্রোমোও থাকছে ক্রিকেট মাঠে রোহিতের বেশ কিছু ভাইরাল মুহূর্তও। এর মধ্যে বিশেষভাবে জায়গা পেয়েছে তার সেই বিখ্যাত মন্তব্য—‘কেউ বাগানে ঘোরাঘুরি করবে না।’ একটি ম্যাচে ফিল্ডারদের ধীরগতির নড়াচড়ায় বিরক্ত হয়ে স্টাম্প মাইক্রোফোনে কথাটি বলেছিলেন তিনি।
নিজের নতুন ভূমিকাকে ঘিরে রোহিতও বেশ আত্মবিশ্বাসী। প্রোমোও তাকে বলতে শোনা গেছে, তার বলা দুটি বাক্যই যদি এতটা ভাইরাল হয়, তাহলে তার অনুষ্ঠান সম্প্রচারিত হলে কী হতে পারে—ভাবুন!
এইচজেএস
