১৭তম ওভারে এবাদত হোসেনের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন স্টিভেন স্মিথ। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা তানজিদ তামিম সেটা রাখতে পারেননি। জায়গায় দাঁড়িয়েও বল হাতে জমাতে না পারায় মাথায় হাত দেয় পুরো বাংলাদেশ! তবে নিজের প্রথম শিকার ধরতে খুব একটা অপেক্ষা করতে হয়নি এবাদতকে। ফিরতি ওভারে মার্নাস ল্যাবুশেনকে ফেরান এই পেসার।
১৯তম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে গুড লেংথে করেছিলেন এবাদত। সেখানে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট সাইড এজে বল যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত আর কোনো ভুল করেননি। ২০ বল খেলে মাত্র এক রান করতে পেরেছেন ল্যাবুশেন।
এর আগে ঘাসের উইকেটে শুরু থেকেই অস্ট্রেলিয়ান ওপেনারদের ভোগাচ্ছিলেন পেসার হাসান মাহমুদ। তার করা ইনিংসের তৃতীয় ওভারেই ট্রাভিস হেড বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলেছিলেন। তবে বল পড়েছে নিরাপদ জায়গায়। দু’দিকেই সুইং করিয়ে হাসান বল করে যাচ্ছিলেন। তারই ফল আসে ১২ ও ১৪তম ওভারে, জ্যাক ওয়েদারল্ডকে উইকেটের পেছনে ক্যাচ এবং ট্রাভিস হেডকে বোল্ড করে জোড়া আঘাত হানেন তিনি।
২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৭ রান।
এইচজেএস
