বিজ্ঞাপন

বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন ওয়ার্নার, প্রশংসায় পঞ্চমুখ ও’কিফ

বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন ওয়ার্নার, প্রশংসায় পঞ্চমুখ ও’কিফ

২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে ঝড় তুলেছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের ৬ উইকেটের সুবাদে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে টাইগাররা স্বাগতিকদের আটকে দিয়েছে। এই অবস্থায় চলমান টেস্টে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। 

যদিও ওয়ার্নার যখন কায়ো স্পোর্টসের ধারাভাষ্যে কথা বলছেন তখনও ক্রিজে ছিলেন অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র সাচ্ছন্দ্যে ব্যাটিং করতে থাকা স্টিভেন স্মিথ। ওই সময় ৬ উইকেটে তাদের সংগ্রহ ছিল ১৭১ রান। অস্ট্রেলিয়াকে কত রানে আটকালে বাংলাদেশের সম্ভাবনা থাকবে– সেই প্রসঙ্গে ওয়ার্নার ২২০-২৩০ রানের কথা উল্লেখ করেন।

সাবেক এই অস্ট্রেলিয়ান ওপেনার বলেন, ‘আমার মনে হয়, তারা যদি প্রতিপক্ষকে ২২০ বা ২৩০ রানের মধ্যে আটকে রাখতে পারে, তবে তাদের ভালো সুযোগ থাকবে। সত্যিই খুব ভালো সুযোগ।’ যদিও ওয়ার্নারের প্রত্যাশার চেয়েও দ্রুতই তার উত্তরসূরীদের আটকে ফেলেছেন হাসান-এবাদত-তাসকিনরা। তিনজন মিলে নিয়েছেন ১০ উইকেট।

অস্ট্রেলিয়ান তারকার কথা কতটা ফলে তা নির্ভর করছে টাইগার ব্যাটারদের ওপর। এর আগে শান্ত-মুশফিকদের কাজটা সহজ করে দিয়েছেন পেসাররা। এ নিয়ে কেবল দু’বার টেস্ট ইনিংসে বাংলাদেশের পেসাররা ১০ উইকেটের সবকটি শিকার করলেন। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম ওই কীর্তি গড়েন তারা। কাকতালীয়ভাবে ওই ম্যাচেও ৫ উইকেট নেন হাসান।

dhakapost
ডেভিড ওয়ার্নার ও কেরি ও’কিফ

টেস্ট ইনিংসে নিজের সেরা বোলিং ফিগারও পেয়েছেন ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার। ৪৩/৫ ছিল টেস্টের এক ইনিংসে তার সেরা বোলিং, এবার সেটাকে উন্নীত করলেন ৫৫/৬। এ ছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

এদিকে, কায়ো স্পোর্টসের ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার কেরি ও’কিফ বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, ‘আমার মতে এটি অস্ট্রেলিয়ার সব মানুষের কাছে একটি বার্তা যে, বাংলাদেশ এখানে খেলতে এসেছে। কারণ অনেক মানুষই মতামত দিয়েছিলেন, এই ম্যাচ বেশিদূর যাবে না। কিন্তু বাংলাদেশ স্পষ্টতই প্রথম দিন জিতে নিয়েছে।’ 

এএইচএস