ডারউইন টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ দল। দিন শুরুর আগে কে ভেবেছিল দিন শেষে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়তে পারবে টাইগাররা! স্বপ্নের মতো শুরুর কাজটা সহজ করে দিয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। অজিদের ৬ উইকেট তুলে নিয়ে একাই খেলার মঞ্চ টাইগারদের দিকে ঘুরিয়ে দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথই কেবল বড় রান করেছেন। ৭১ রানে থাকা এই ব্যাটারকেও ফিরিয়ে দেন তিনি। দিন শেষে এ নিয়ে হাসান বলেন, ‘স্টিভ স্মিথের উইকেটটির কথা বলব। স্মিথ বুঝতে পারছিল না। আমার মনে হচ্ছিলো সে কিছু একটা করতে যাবে, তখন আমি একটা বাউন্সার দিয়েছিলাম এবং সে সেটা মিস করেছে।’
হাসান অবশ্য এমন দিনের কৃতিত্ব একা নিতে নারাজ। তিনি বলেন, ‘সকালে উইকেটে কিছুটা আর্দ্রতা ছিল, উইকেট নরম ছিল এবং বলের মুভমেন্ট হচ্ছিল। আমরা পরিকল্পনা করেছিলাম যে, আমরা খুবই সুশৃঙ্খল বোলিং করব এবং জুটি বেঁধে বোলিং করব। সেটাই হয়েছে।’
‘সকাল থেকে দলের যে শক্তি ছিল এবং সবাই মিলে মাঠে যে চেষ্টা করেছে, আমি অবশ্যই এই কৃতিত্ব আমার সতীর্থদের দিতে চাই।’
ম্যাচে অবশ্য আলাদা করে নজর কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে বোলিং পরিবর্তন, ফিল্ডিং সেট আপ- সেটার কৃতিত্ব দিতেও হাসান ভুল করেননি, ‘আমাদের অধিনায়ক যেভাবে মাঠের মধ্যে সমর্থন দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই দিনটা শেষ করতে পেরেছি।’
এসএইচ/এমএমএম
