বিজ্ঞাপন

উইকেট পেতে মরিয়া অস্ট্রেলিয়ার অদ্ভুত টেকনিক!

উইকেট পেতে মরিয়া অস্ট্রেলিয়ার অদ্ভুত টেকনিক!

ডারউইনে দ্বিতীয় দিনের খেলার প্রথম সেশন শেষেও ম্যাচে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। ইতোমধ্যে প্রথম ইনিংসে লিড নিয়েছে তারা। স্বাগতিকদের শক্তিশালী বোলিং আক্রমণ ভোঁতা করে দিয়েছেন তানজিদ হাসান তামিম। তার সঙ্গে তৃতীয় উইকেট জুটিতেও দৃঢ় ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত।

এদিন প্রথম সেশনে ৮৫ রান দিয়ে মাত্র এক উইকেট পেয়েছে অস্ট্রেলিয়া। উইকেট পেতে মরিয়া তারা। যেন সবকিছু করতে তৈরি। তার আভাস মিলল ফিল্ডিংয়ে। বিশেষ করে নাথান লায়নের বোলিংয়ের সময় জেক ওয়েদারাল্ডের কৌশল নজর কেড়েছে।

ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের কাছে বিষয়টি ধরা পড়েছে। লায়ন যখন বল করতে আসছিলেন, তখনই শর্ট লেগে থাকা ওয়েদারাল্ড কয়েক ধাপ করে ভেতরে ঢুকছিলেন। বাংলাদেশের অধিনায়ক শান্তর ব্যাটে ইনসাইড এজ হয়ে বল তার হাতে আসবে, এমনটাই আশা তার।

কায়ো স্পোর্টসে ওয়ার্নার বললেন, ‘সে বোলারের সাথে হেঁটে ভেতরে আসছে! একবার দেখুন, সে নিজেকে প্রস্তুত করে তারপর পজিশনের দিকে হেঁটে যাচ্ছে। আমি জীবনে কখনো এমন কিছু দেখিনি।’ তিনি বলতে থাকেন, ‘সবারই নিজস্ব নিজস্ব পদ্ধতি থাকে, কিন্তু আমি সত্যিই এমনটা আগে কখনো দেখিনি।’

Jake Weatherald took several steps in at short leg before assuming the standard crouch. (Fox Cricket)

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যালিসা হিলি এই অদ্ভুত আচরণের পেছনের কারণটি শনাক্ত করেছেন। তিনি বললেন, ‘আমার মনে হয়, নাথান লায়ন ব্যাটারকে উইকেট ছেড়ে সামনে বেরিয়ে এসে খেলতে প্রলুব্ধ করার জন্য শর্ট লেগ ফিল্ডারকে কাছে এনেছেন। আর জেক ওয়েদারাল্ডও তাকে সতর্ক রেখে পাল্টা জবাব দিচ্ছেন। তাই শান্ত যদি উইকেট ছেড়ে বেরিয়ে আসে, জেকও তার সাথে সাথে সরতে পারবেন।’

ওয়ার্নারের কাছে বিষয়টা অদ্ভুত লেগেছে, ‘আমি শর্ট লেগে কাউকে কখনও এমন টেকনিক ব্যবহার করতে দেখিনি। সাধারণত ওই পজিশনে আপনাকে বেশ নমনীয় এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম হতে হয়, কিন্তু ব্যাটের মাত্র এক মিটার দূরে থেকে এভাবে হেঁটে আসা অবিশ্বাস্য।’

তবে শান্ত ও তানজিদ সেই কৌশলের কাছে হার মানেননি। যদিও অফস্পিনারের প্রথম ওভারে বড় বাঁচা বেঁচে গেছেন তানজিদ। ৬২ রানে তার একটি কাট অ্যালেক্স ক্যারির কনুইয়ে লেগে বাঁ দিকের স্লিপে ছুটেছিল। স্টিভ স্মিথ এক হাতে ক্যাচটা লুফে নিতে পারেননি।

এফএইচএম