বিজ্ঞাপন

দেশের বাইরে আগেও হয়েছে ৩৬ সেঞ্চুরি, কিন্তু তানজিদ সবার থেকে আলাদা

দেশের বাইরে আগেও হয়েছে ৩৬ সেঞ্চুরি, কিন্তু তানজিদ সবার থেকে আলাদা

হান্নান সরকার কেয়ার্নসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন। সেটাই ছিল এতদিন দেশটিতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। বাংলাদেশি ওপেনারকে ছাপিয়ে গেলেন আরেক ওপেনার। তানজিদ হাসান তামিম প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন। 

দুইবার জীবন পেয়ে ১৮৮ বলে ১০০ রানের ঐতিহাসিক চূড়ায় পৌঁছান। ৮ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ইতিহাস গড়া ইনিংস। তার আগে দ্বিতীয় দিন মাঠে নেমে ১০২ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন। নাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরির দেখা পান এই ওপেনার। তাতে ইতিহাসের পাতায় নাম লিখলেন। 

যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের ধারেকাছে যেতে পারেননি তানজিদ। লায়নের বলে লং অফে মিচেল স্টার্কের ক্যাচ হন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান অজিদের বিপক্ষে করেছেন শাহরিয়ার নাফিস। ফতুল্লায় ১৮৯ বলে ১৩৮ রান করেছিলেন তিনি। তানজিদ ১৯৭ বল খেলে ৮ চার ও ১ ছয়ে ১০১ রানে থামেন।

বিদেশের মাটিতে ১৭তম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তানজিদ। দেশের বাইরে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে আগের ৩৬ সেঞ্চুরির চেয়ে এবারেরটা একেবারে আলাদা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সেঞ্চুরি উদযাপন করলেন বাংলাদেশের কেউ।

দেশের বাইরে সবচেয়ে বেশি ৬ সেঞ্চুরি মুশফিকের। এরপর চারটি করে সেঞ্চুরি তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর। সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ বিদেশে তিনটি করে শতক হাঁকান। দুটি করে সেঞ্চুরি মুমিনুল হক, হাবিবুল বাশার ও লিটন দাসের। বিদেশের মাটিতে সেঞ্চুরি উদযাপন করার তালিকায় আরও আছেন জাভেদ ওমর, সাদমান ইসলাম, খালেদ মাসুদ, সৌম্য সরকার, মোহাম্মদ রফিক, নাসির হোসেন, মাহমুদুল হাসান জয়। সবশেষ এই তালিকায় যুক্ত হলেন তানজিদ, তবে তার সেঞ্চুরি অন্য সবার চেয়ে আলাদা।

এফএইচএম