অস্ট্রেলিয়ার বিপক্ষে এতদিন টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন শাহরিয়ার নাফিস। সেই ম্যাচটি ছিল হোম ভেন্যু ফতুল্লায়। এর প্রায় ২০ বছর পর তানজিদ হাসান তামিম অজিদের বিপক্ষে সেঞ্চুরি করলেন। যা প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি। পরে স্টার্ক-কামিন্স-হ্যাজলউডের মতো বিশ্বসেরা পেসারদের বিপক্ষে শান্ত থাকার কৌশলে সফলতার কথা জানালেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
চা বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ৮৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৮৬ রান। এ সময় দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অবিস্মরণীয় সেঞ্চুরি পাওয়া তানজিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখানে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। আমার কাছে এটি খুবই বিশেষ একটি মুহূর্ত, কারণ এখানে আমি এই প্রথমবার খেলছি এবং এটি আমার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট। এমন ম্যাচে সেঞ্চুরি করতে পারাটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু।’
সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট প্রশ্ন করেন, ‘তুমি তো অ্যাটাকিং ক্রিকেটই খেলো, নিজেকে সংযত করে আজ কীভাবে ৫১ স্ট্রাইকরেটে সেঞ্চুরি করলে?’ এমন প্রশ্নে ১৯৭ বলে ১০১ রান করা তানজিদের জবাব, ‘হ্যাঁ, দলের যা প্রয়োজন ছিল, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি। উইকেটটাও ভালো ছিল বলে মনে হয়েছে। প্রতিপক্ষ বোলাররা আমার বিপক্ষে ভিন্ন ধরনের কৌশল নিয়ে এসেছিল, তবে আমি স্বাভাবিক ক্রিকেট খেলার এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি।’
এরপর অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণ সামলানোর বিষয়ে বাঁ-হাতি এই ওপেনার বলেন, ‘আমি শুধু বলের দিকে নজর রেখেছি এবং বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। খুব বেশি কিছু করার চেষ্টা করিনি, বরং শান্ত থেকেছি এবং তারা যে বল বা পরিকল্পনা নিয়ে এসেছে, সে অনুযায়ী খেলেছি। আর আমার মনে হয় উইকেটটা আগের চেয়ে (প্রথম দিনের তুলনায়) অনেক ভালো। আমার ধারণা, এটি আরও ভালো হতে থাকবে। আর এই উইকেটে স্বাভাবিক ক্রিকেটীয় শট খেলতে পারলে তা আমাদের জন্য ভালো হবে।’

ডারউইন টেস্টে বড় কিছু অর্জনের আত্মবিশ্বাসও জানালেন তামিম, ‘আমিও তেমনটাই (বাংলাদেশের সম্ভাবনা) মনে করি, তবে আমাদের আরও দুটি সেশন খেলতে হবে। আর যদি আমরা সেই সেশনগুলোতে ভালো খেলতে পারি, তবে তা দলের জন্য দারুণ হবে।’
এএইচএস
