বিজ্ঞাপন

আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত, নেপথ্যে ব্রাজিল

আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত, নেপথ্যে ব্রাজিল

ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী অক্টোবরে স্বাগতিক দেশটির বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে লাতিন পরাশক্তিদের।

একই সময়ের মধ্যে পড়েছিল ফিফা আশিয়ান কাপ। দু’টি ম্যাচে একই দল নামানো অসম্ভব ছিল। তাই গুঞ্জন সত্যি করে আশিয়ান কাপ থেকে নাম তুলে নিলো ভারতীয় ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ সংবাদ সংস্থাকে বলেছেন, “আমরা আশিয়ান কাপ থেকে নাম তুলে নিয়েছি। ব্রাজিল ম্যাচ এবং আশিয়ান কাপ একইসঙ্গে খেলা সম্ভব নয়।” 

আশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে ফিফা এবারই প্রথম এই প্রতিযোগিতা আয়োজন করছে। ভারত অংশগ্রহণের সুযোগ পেয়েছিল আশিয়ান-বহির্ভূত দেশ হিসাবে। কিন্তু ফিফার সেই আমন্ত্রণ ফিরিয়ে দিলো তারা। ভারতের গ্রুপে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

প্রথমে ঠিক ছিল আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামানো হবে। শেষপর্যন্ত নামই তুলে নিয়েছে দেশটির ফেডারেশন। অতীতে ফেডারেশনের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছিল। সে সময় ফেডারেশনের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছিলেন ভারতের সাবেক ফুটবলার ভাইচুং ভুটিয়া।

ভাইচুং ভুটিয়া বলছেন, ‘কর্মসমিতির সভায় আমি জোর দিয়েছি আশিয়ান কাপে খেলার জন্য। সাফ প্রতিযোগিতার থেকে এটা অনেক ভালো প্রতিযোগিতা। খেললে অংশগ্রহণের জন্য আলাদা টাকা পাওয়া যাবে। ভালো খেললে আকর্ষণীয় পুরস্কারমূল্যও রয়েছে। সবচেয়ে বড় কথা, দলের উন্নতির জন্য ওই প্রতিযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ খেলার চেয়ে তিন-চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা অনেক ভালো।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিল হলো ব্রাজিল। ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতাই আলাদা। কিন্তু খারাপ সময়ে ম্যাচটা হচ্ছে। মাত্র একটাই ম্যাচ খেলা হবে। জাতীয় দলের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য একটা ম্যাচ খেলে কী এমন লাভ হবে?’

এফআই