বিজ্ঞাপন

‘কারও স্ক্রিপ্টই মিলছে না’, বাংলাদেশের ম্যাচ দেখে অশ্বিন

‘কারও স্ক্রিপ্টই মিলছে না’, বাংলাদেশের ম্যাচ দেখে অশ্বিন

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং ডারউইনের মূল টেস্টে বাংলাদেশের দুটি রূপ মেলাতে পারছেন না অনেকেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না বলে ভবিষ্যদ্বাণী করা মানুষের সংখ্যাও কম নয়। কিন্তু ২৩ বছর পর দেশটিতে টেস্ট খেলতে নামা সফরকারী দলটি দুই দিনেই চালকের আসনে। টাইগারদের এমন পারফরম্যান্স দেখে টেস্ট ফরম্যাটেরই জয়গান গাইলেন সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন।

মারারা স্টেডিয়ামের ড্রপ-ইন পিচে প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ক্যারিয়ারসেরা স্পেলে হাসান মাহমুদ একাই নেন ৬ উইকেট। সেই মোমেন্টাম এগিয়ে নিয়ে গেছেন ব্যাটাররা। তানজিদ হাসান তামিম দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছেন। যাতে ভর করে বাংলাদেশ লিড নিলো ১৫৩ রানের।

এদিকে, প্রস্তুতি ম্যাচ ও মূল টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সের দুটি দৃশ্য মেলাতে চাইলেন অশ্বিন। ভারতীয় এই কিংবদন্তি স্পিনার লিখেছেন, ‘ডারউইনে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে রেখেছে বাংলাদেশ। যা কারও স্ক্রিপ্টের সঙ্গেই মিলছে না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট, সেখান থেকে প্রথম টেস্টের দু’দিনেই আধিপত্য দেখানো। বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো অসাধারণ। এই ফরম্যাট দীর্ঘ সময় বেঁচে থাকুক।’

অশ্বিনের সুরে গতকাল কথা বলেছিলেন অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার কেরি ও’কিফ-ও। ম্যাচ চলাকালে তিনি ধারাভাষ্যে বলেন, ‘আমার মতে এটি অস্ট্রেলিয়ার সব মানুষের কাছে একটি বার্তা যে, বাংলাদেশ এখানে লড়তে এসেছে। কারণ অনেক মানুষই মতামত দিয়েছিলেন, এই ম্যাচ বেশিদূর যাবে না। কিন্তু বাংলাদেশ স্পষ্টতই প্রথম দিন জিতে নিয়েছে।’ 

একইভাবে দ্বিতীয় দিনের লাগামও নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। মাঝে নতুন বলে হ্যাজলউড-স্টার্করা দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিলেও মিরাজ-হাসানের সপ্তম উইকেট জুটি তাদের হতাশা বাড়িয়েছে। এর আগে তানজিদ তামিম ১০১, নাজমুল হোসেন শান্ত ৮৪ এবং মুমিনুল হক ৪৯ রান করেছেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১, লিড ১৫৩ রান।

এএইচএস