বিজ্ঞাপন

মিরাজের দিকে কেন তেড়ে গিয়েছিলেন স্টার্ক, কী হয়েছিল?

মিরাজের দিকে কেন তেড়ে গিয়েছিলেন স্টার্ক, কী হয়েছিল?

ডারউইন টেস্টে ব্যাটে-বলে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। হাসান মাহমুদের নেওয়া ছয় উইকেটের পর ব্যাট হাতে নিজের অভিষেক সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় দিনের শেষদিকে একটি ক্যামিও জুটি উপহার দিয়েছেন মিরাজ-হাসান। তাতেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই চালকের আসনে অবস্থান করছে বাংলাদেশ।

ম্যাচের এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই খুব সিরিয়াস অবস্থায় আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এমতাবস্থায় দ্বিতীয় দিনের শেষদিকে ম্যাচেও ছড়িয়েছে উত্তাপ। মিরাজের দিকে অনেকটা তেড়ে গিয়েই উত্তপ্ত বাক্য বিনিময় করেন অজি পেসার মিচেল স্টার্ক।

ঘটনা ১০৩তম ওভারের। স্টার্কের করা ওই ওভারের প্রথম বলেই চার হাঁকান মেহেদী হাসান মিরাজ। পরের তিন বল হয় ডট। পঞ্চম বলে সিঙ্গেল নেন মিরাজ। বলের অবস্থান তাকিয়ে দেখছিলেন স্টার্ক। আর রান নেওয়ার সময় স্টার্কের সামনে চলে যান মিরাজ। পরে পাশ দিয়ে রান পূর্ণ করেন তিনি।

ক্রিকেটের নিয়ম অনুসারে, বোলারের রানআপ ও ফলো-থ্রুর মতো ব্যাটারদেরও পিচের মাঝের অংশ বাদ দিয়ে দৌড়ানোর কথা। এই বিষয়টি নজরে আসে আম্পায়ার ধর্মসেনার। রান নেওয়ার সময়ই মিরাজকে সতর্ক করেন তিনি। এদিকে মিরাজ নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

মিরাজ হয়তো নিজের ভুল বুঝতে পারেন। আর সেটাই বলতে থাকেন। মিরাজ বলেন, ‘আমি দেখতে পারেনি।’ অন্যদিকে স্টার্ক বলেন, এটা আমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে দাঁড়াও।’

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন ইতোমধ্যেই শেষ হয়েছে। অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে করেছে ৬ উইকেটে ৩৫১ রান। এখন পর্যন্ত ১৫৩ রানের লিড নিয়েছে টাইগাররা। তৃতীয় দিনের খেলায় ব্যাট করতে নামবেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

এমএমএম/