বিজ্ঞাপন

ঐতিহাসিক মিশনে দ্বিতীয় রাউন্ডে চোখ রাজশাহী স্টারসের

ঐতিহাসিক মিশনে দ্বিতীয় রাউন্ডে চোখ রাজশাহী স্টারসের

গত এক দশকে নারী ফুটবলে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। দেশিকোনো ক্লাব এশিয়ান পর্যায়ে খেলেনি। এবারই প্রথম রাজশাহী স্টারস এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আজ বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে রাজশাহী স্টারস।

রাজশাহী স্টার এবারই প্রথম ঘরোয়া ফুটবলে অংশগ্রহণ করেছে। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক অঙ্গণে খেলার সুযোগ পেয়েছে তারা। তাই ক্লাবটির সভাপতি মোখসেদুল রহমান বাবু এএফসি আসরেও বড় কিছু করার স্বপ্ন। তিনি বলেন, ‌‘আমরা গ্রুপের গণ্ডি পেরিয়ে পরবর্তী রাউন্ডে যেতে চাই।’

রাজশাহী স্টারস এক সপ্তাহের মতো অনুশীলন করেছে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে। এত স্বল্প অনুশীলনে বড় স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সভাপতি বাবু বলেন, ‘আমাদের দলে অধিকাংশ জাতীয় দলের খেলোয়াড়। জাতীয় দলের ক্যাম্প ও অনুশীলন হওয়ায় তেমন সমস্যা হবে না।’

রাজশাহী স্টারসের মধ্যমণি ছিলেন ঋতুপর্ণা চাকমা। তিনি মিয়ানমার ক্লাবের হয়ে খেলায় রাজশাহী তাকে এএফসি আসরে পাচ্ছে না। অন্য সবার মতো ক্লাবও ঋতুপর্ণাকে মিস করছে। এরপরও যে দল রয়েছে সেই দল নিয়ে ইতিবাচক কিছু করার চেষ্টা গোলাম রব্বানী ছোটনের, ‘বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে রাজশাহী আন্তর্জাতিক অঙ্গনে খেলছে। তাই রাজশাহী এখন শুধু ক্লাব নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমরা ভালো কিছুর চেষ্টা করব।’

রাজশাহী স্টারসের গ্রুপে রয়েছে ভারতের ইস্ট বেঙ্গল, মালয়েশিয়ার সাবাহ এফএ ও গুয়ামের রোভার্স। পরের পর্বে যেতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। বাংলাদেশের মূল বাধা ইস্ট বেঙ্গল। রাজশাহী স্টারসের অধিনায়ক শিউলি আজিম ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে বলেন, ‘দুই দলই প্রায় সমান সমান। ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে।’

বাংলাদেশের নারী ফুটবলে অনেক সাফল্যের কারিগর গোলাম রব্বানী ছোটন। বছর তিনেক সময় তিনি নারী ফুটবল থেকে দূরে। ঘটনা চক্রে আবার নারী ফুটবলে আরেক মাইলফলকের সঙ্গী হচ্ছেন। পিটার বাটলারের অধীনে বাংলাদেশ সম্প্রতি ভারতের বিপক্ষে দুবার হেরেছে। ইস্ট বেঙ্গলে ভারতের জাতীয় দলের অনেকে খেলবেন। রাজশাহী স্টারসের কোচ হয়ে ইস্ট বেঙ্গলকে পরাজিত করে নিজেদের সক্ষমতা আরেকবার প্রমাণের ক্ষেত্র কিনা এই প্রশ্নের উত্তর দেননি কোচ ছোটন।

এজেড/এমএমএম

বিজ্ঞাপন