বিজ্ঞাপন

১৩ বছর পর অস্ট্রেলিয়াকে এমন তিক্ত স্বাদ দিলেন হাসান

১৩ বছর পর অস্ট্রেলিয়াকে এমন তিক্ত স্বাদ দিলেন হাসান

ডারউইনে লম্বা ঘাস ও বাতাসের ব্যবহার খুব ভালোভাবেই করছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে তিনি ক্যারিয়ারসেরা স্পেল উপহার দিয়েছিলেন। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পথে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। দ্বিতীয় ইনিংসেও ছন্দ ধরে রেখে হাসান অজিদের দুই ওপেনারকেই ফেরালেন। 

এর আগে প্রথম ইনিংসেও জ্যাক ওয়েদারল্ড এবং ট্রাভিস হেডকে আউট করেছিলেন হাসান মাহমুদ। উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ওয়েদারল্ড এবং হেড ইনসাইড এজে বোল্ড হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে এবার দুজনকেই বোল্ড করেছেন হাসান। একই বোলারের কাছে অস্ট্রেলিয়ার উভয় ওপেনারের দুই ইনিংসেই শিকার হতে দেখা গেল ১৩ বছর পর।

এর আগে ২০১৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উভয় ইনিংসেই আউট হয়েছিলেন স্টুয়ার্ট ব্রডের বলে। দু’বারই তার শিকার হন ক্রিস রজার্স এবং ডেভিড ওয়ার্নার। এবার একই দৃশ্যের পুনর্জন্ম দিলেন বাংলাদেশের হাসান মাহমুদ। এ নিয়ে ডারউইন টেস্টের দুই ইনিংসে এখন পর্যন্ত তার শিকার ৮ উইকেট।

dhakapost

অবশ্য দুই ইনিংসেই প্রতিপক্ষের উভয় ওপেনারকে ফেরানোর নজির আগেও ছিল বাংলাদেশি বোলারের। কাকতালীয়ভাবে ব্রডের সেই কীর্তির বছরেই ঘটেছিল সেই ঘটনা। ২০১৩ সালে হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের ওপেনার টিমিসেন মারুমা এবং ভুসি সিবান্দাকে আউট করেন বাংলাদেশের রবিউল ইসলাম। ডানহাতি এই পেসারের বলে কাকতালীয়ভাবে উভয় ইনিংসেই মারুমা এলবিডব্লিউ এবং সিবান্দা বোল্ড হয়েছেন।

এএইচএস