বিজ্ঞাপন

আম্পায়ার আঙুল তোলার আগেই স্মিথের রিভিউ আপিল, হতভম্ব ওয়ার্নাররা!

আম্পায়ার আঙুল তোলার আগেই স্মিথের রিভিউ আপিল, হতভম্ব ওয়ার্নাররা!

১৪তম ওভারে স্টিভ স্মিথকে বিদায়ের উদযাপনে মেতেছিল বাংলাদেশ। ইবাদত হোসেন তার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন। আম্পায়ার কুমার ধর্মসেনা আঙুল তুলে দেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান স্মিথ।

রিভিউতে দেখা গেছে, বল তার ব্যাট ছোঁয়নি। একটা স্পাইক দেখা গিয়েছিল স্নিকোমিটারে, সেটি ব্যাট মাটিতে আঘাত করার কারণে। ৩ রানে জীবন পান স্মিথ। উইকেট টিকিয়ে রাখার পথে তার আত্মবিশ্বাস অবাক করেছে ধারাভাষ্য কক্ষে থাকা সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার কেরি ও’কিফকে। আম্পায়ার আঙুল তোলার আগেই অজি ব্যাটার ব্যাট উঁচিয়ে হাত দিয়ে রিভিউয়ের সংকেত দেন। বিষয়টা অদ্ভুত লেগেছে ধারাভাষ্যকক্ষে থাকা অন্যদেরও।

কায়ো স্পোর্টসে ডেভিড ওয়ার্নার বলেন, ‘স্টিভ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমার তা মোটেও পছন্দ হয়নি। আপনি এভাবে আচরণ করতে পারেন না।’ ব্রেন্ডন জুলিয়ান বলেন, ‘দেখুন, স্টিভ স্মিথ কিন্তু সাথে সাথেই জানতেন যে তিনি আউট হননি। যাই হোক, প্রথম ইনিংসে আউট না থাকা সত্ত্বেও তিনি ভেবেছিলেন ব্যাটে লেগেছে, তাই ব্যাপারটি ফিফটি-ফিফটি। তবে এটি আমার দেখা দ্রুততম রিভিউগুলোর একটি।’

ওয়ার্নার আবারও যোগ করেন, ‘আমার এখনও মনে হয়, আপনার এমনটি করা একদমই উচিত নয়!’

জুলিয়ান হাসিমুখে বলেন, ‘স্টিভ স্মিথ যেন (ধর্মসেনাকে) বলছিলেন—‘না, আপনার আঙুল নিচে নামান, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন!’ যাই হোক, সময়টা বেশ ঘটনাবহুল যাচ্ছে। মাত্র ১৪ ওভার হলো, আর এর মধ্যেই কত কিছু ঘটে গেল!’

কেরি ও’কিফ যোগ করেন, ‘টেস্ট ক্রিকেটে এটি একটি অনন্য মুহূর্ত, যেখানে আম্পায়ার সিদ্ধান্ত দেওয়ার আগেই একজন ব্যাটার রিভিউয়ের জন্য ওপরের ঘরে (থার্ড আম্পায়ার) চলে গেছেন।’

এফএইচএম