২০২২ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে ৫৫ মিলিয়ন ইউরো মূল দামে এবং আরও ১০ মিলিয়ন ইউরো ভেরিয়েবলসহ ফেররান তোরেসকে দলে নেওয়ার সময় বার্সেলোনার চুক্তিতে নির্দিষ্ট কিছু শর্ত রাখা হয়েছিল। প্যারিসিয়ান সেইন্ট জার্মেইতে যোগ দিতে যাওয়া এই স্প্যানিশ ফরোয়ার্ডের জন্য সবমিলিয়ে ১৮ মিলিয়ন ইউরো পাওয়ার সুযোগ ছিল সিটির সামনে। তবে কৌশলে সেটি এড়াল বার্সা।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক বলছে, শর্ত অনুযায়ী– কাতলানদের সঙ্গে তোরেসের চুক্তির মেয়াদ বাড়লে সিটি পেত ৮ মিলিয়ন ইউরো। চুক্তি নবায়ন না করায় সেই অর্থ দেওয়ার বাধ্যবাধকতা আর থাকছে না। এ ছাড়া তাকে ৫৫ মিলিয়ন ইউরো বা তার বেশি দামে বিক্রি করা হলে ইংলিশ ক্লাবটি আরও ১০ মিলিয়ন ইউরো সেল-অন বোনাস পাওয়ার কথা ছিল। কিন্তু ট্রান্সফার ফি ৫৫ মিলিয়ন ইউরোর সীমার ঠিক নিচে, ৫০ মিলিয়ন ইউরো রাখায় পুরো অর্থই বার্সেলোনার হাতে থাকবে।
সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন তোরেস। তাকে পিএসজির কাছে বিক্রি করার দ্বারপ্রান্তে রয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দল তার চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। আগামী বছরই তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
গত মৌসুমে বার্সেলোনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। গত মৌসুমে ৪৯ ম্যাচে ২১ গোল করেছিলেন তোরেস। বার্সেলোনা ও পিএসজি এরই মধ্যে প্রায় ৫০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে সম্মত হয়েছে। চুক্তিতে কোনো অ্যাড-অন রাখা হয়নি।

এই দলবদলের ফলে তোরেস আবারও তার জাতীয় দলের সাবেক কোচ লুইস এনরিকের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। বার্সেলোনার হয়ে সবমিলিয়ে ২০৭ ম্যাচ খেলেছেন তোরেস করেছেন ৬৩ গোল এবং ২৩টি অ্যাসিস্ট।
এএইচএস
