ক্লাব ফুটবলের ব্যস্ততা ফিরছে আজ (শনিবার) থেকে। সবার আগে শুরু হবে স্প্যানিশ প্রতিযোগিতা লা লিগা। ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ম্যাচডে–তে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ এই সপ্তাহেই মাঠে নামছে না। এর সঙ্গে জড়িয়ে আছে সর্বশেষ ফিফা বিশ্বকাপের সম্পর্ক, ন্যূনতম সেমিফাইনাল খেলা ফুটবলারদের স্বার্থে দেরিতে নামছে বার্সা-রিয়ালের মতো ক্লাব।
আজ রাত সাড়ে ১১টায় আলাভেস ও গেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগার নতুন মৌসুম। একই রাতে সেভিয়া আতিথ্য দেবে রায়ো ভায়েকানোকে। আগামী বুধবার দ্বিতীয় বিভাগের প্লে-অফ জয়ী মালাগার মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ। চলতি সপ্তাহে নামা হবে না বার্সা-রিয়ালের।
উদ্বোধনী সপ্তাহের চারটি ম্যাচ আগস্টের শেষদিকে পিছিয়ে দেওয়া হয়েছে লা লিগা ও স্পেনের খেলোয়াড় ইউনিয়নের (এএফই) মধ্যকার একটি সমঝোতার কারণে। যেখানে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দেশগুলোর খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। স্পেন ১৯ জুলাই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল জেতায় বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের মার্ক কুকুরেয়াসহ বিশ্বকাপে খেলা ফুটবলাররা অন্তত মৌসুমের দ্বিতীয় সপ্তাহের আগে লা লিগায় খেলতে পারবেন না।
এর আগে নির্ধারিত সময়ে লা লিগা শুরুর ব্যাপারে কর্তৃপক্ষের অবস্থান ছিল বেশ দৃঢ়। তারা চেয়েছিল ২০২৫-২৬ মৌসুম ১৫ আগস্ট থেকেই শুরু করতে। যদিও ইউরোপের অন্যান্য শীর্ষ লিগগুলো এবার কিছুটা পরে শুরু হচ্ছে। প্রিমিয়ার লিগ শুরু হবে ২১ আগস্ট থেকে। আর জার্মান বুন্দেসলিগা শুরু হবে ২৮ আগস্ট। স্পেনের খেলোয়াড় ইউনিয়ন অবশ্য আগস্টের মাঝামাঝি মৌসুম শুরুর বিরুদ্ধে দাঁড়ায়। কারণ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দেশের খেলোয়াড়রা স্প্যানিশ ফুটবলের অনুমোদিত যৌথ দর-কষাকষির চুক্তি অনুযায়ী নির্ধারিত বিশ্রাম ও প্রাক-মৌসুম প্রস্তুতির পর্যাপ্ত সময় পেতেন না।

কয়েক মাসের আলোচনার পর ৯ জুন লা লিগার ক্লাব প্রতিনিধিরা সর্বসম্মতভাবে উদ্বোধনী সপ্তাহের ম্যাচগুলো ভাগ করে আয়োজনের প্রস্তাব অনুমোদন করেন। এরপর ৩০ জুন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় পুরো মৌসুমের সূচিও অনুমোদিত হয়। তবে রিয়াল মাদ্রিদ এই দুই সভার কোনোটিতেই প্রতিনিধি পাঠায়নি। সমাধান হিসেবে যেসব ক্লাবের খেলোয়াড়রা বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন, তাদের উদ্বোধনী ম্যাচ ১০ দিন পিছিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়।
এবার ভিন্ন সময়ে মৌসুম শুরুর কারণে ১৫ থেকে ৩১ আগস্টের মধ্যে মাত্র একদিন বাদে প্রতিদিনই লা লিগার কোনো না কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২২ আগস্ট রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচে এস্পানিওল এবং বার্সেলোনা পরদিন (২৩ আগস্ট) খেলবে এলচের বিপক্ষে। স্প্যানিশ জায়ান্টদের দুই ম্যাচই হবে প্রতিপক্ষের মাঠে।
এএইচএস
