অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিন শেষেও এগিয়ে আছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে টাইগারদের থেকে ৬৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে অজিরা। কাল চতুর্থ দিনে হাতে ৬ উইকেট নিয়ে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া।
দিন শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন নিজেদের পরিকল্পনার কথা।
শান্ত বলছিলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।’
প্রথম ইনিংসে টাইগার লোয়ার অর্ডার ব্যাটাররা দেখিয়েছে নিজেদের সামর্থ্যের প্রমাণ, ‘আমরা সবসময় ভেবেছি, কিভাবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে পারে। আজকে বোলাররা দেখিয়েছে তারা ব্যাট হাতে কি করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই ২-৩ বছর ধরে কাজ করছি’- বলেন শান্ত।
বাংলাদেশ অধিনায়ক জানালেন ফলাফলের দিকে চিন্তা রাখছেন না, 'আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে এগোচ্ছি। কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে তা সত্যিই দারুণ।'
এসএইচ
