বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি দেশের মাটিতে কাছাকাছি শক্তির কোনো দলের বিপক্ষে সেপ্টেম্বর উইন্ডোতে খেলতে চেয়েছিলেন। বাফুফে এ নিয়ে কাজ করলেও আকস্মিকভাবে আসিয়ান কাপ খেলার আমন্ত্রণ আসে। গতকাল জাতীয় দল কমিটির সভার পর আজ কোচের সঙ্গে এ নিয়ে আলাপ করে ফেডারেশন। আসিয়ান কাপে বাংলাদেশের খেলার পক্ষেই কোচ ডুলি।
বাফুফে ভবন থেকে বেরিয়ে যাওয়ার পথে ডুলি সাংবাদিকদের বলেন, 'আসিয়ান কাপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি হলে ভালো, বাংলাদেশ খেলতে পারে। যদিও এখনো আলোচনা পর্যায়ে রয়েছে, চূড়ান্ত কিছু হয়নি।' ফিফা ও ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলবে কি না জানতে চেয়েছে। বাংলাদেশ ইতিবাচক সম্মতি দিয়েছে। ফিফা এখনো বাংলাদেশের অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।'
বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সাফ। ৪ নভেম্বর ঢাকায় এটি শুরু হবে। আসিয়ানে খেললে সাফের প্রস্তুতি কেমন হবে? এ প্রশ্নের উত্তরে ডুলি বলেন, 'আসিয়ানে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো ভালো প্রতিপক্ষ রয়েছে। এদের বিপক্ষে খেললে প্রস্তুতি ভালোই হবে। বাংলাদেশ এই টুর্নামেন্টে আন্ডারডগ থাকবে ফলে তেমন চাপ থাকবে না। ফলাফল নেতিবাচক হলে ফুটবলারদের উপর প্রভাব পড়তে পারে।'
২১ সেপ্টেম্বর থেকে ফিফা উইন্ডো শুরু। অনেক দেশ তাদের প্রতিপক্ষ ঠিক করেছে। বাংলাদেশের বিষয়টি এখনো ঝুলন্ত হওয়ায় খানিকটা চ্যালেঞ্জে কোচ ডুলি, 'আসিয়ান, হোম টুর্নামেন্ট, নাকি কিরগিজস্তান টুর্নামেন্ট, এখনো সিদ্ধান্ত না হওয়ায় পরিকল্পনা করা কঠিন।'
জাতীয় দলের সিদ্ধান্তহীনতার পাশাপাশি ঘরোয়া ফুটবলের পরিকল্পনাহীনতা নিয়েও হতাশা প্রকাশ করেছেন আমেরিকার হয়ে বিশ্বকাপে অধিনায়কত্ব করা ডুলি, 'লিগ কবে শুরু হবে (২৮ আগস্ট হওয়ার কথা) এখনো নিশ্চিত নয়। সাধারণত লিগের আগে চার-ছয় সপ্তাহ কন্ডিশনিং ট্রেনিং হয়ে থাকে। অনেক ক্লাব সেটা করতে পারেনি। ফুটবলাররা ইতোমধ্যে পাঁচ সপ্তাহ ট্রেনিংয়ের বাইরে। এই পরিস্থিতিতে জাতীয় দলের ক্যাম্প শুরু নিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।'
এজেড/এইচজেএস
