ভারতীয় ক্রিকেটে নির্বাচক কমিটি ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের মেয়াদ বাড়বে কি না, তা এখনো নিশ্চিত নয়। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই তার সঙ্গে আলোচনায় বসবেন বিসিসিআই কর্তারা।
আগরকরকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে চায় বোর্ড। তবে সে ক্ষেত্রে তাকে একটি শর্ত দেওয়া হতে পারে। সেই শর্তে আগরকর রাজি না হলে তার জায়গায় জহির খানকে প্রধান নির্বাচক করার কথা ভাবছে বিসিসিআই।
আগরকরের সঙ্গে বোর্ড কর্তাদের সম্পর্ক বেশ কিছু দিন ধরেই ভালো নয়। গত ইংল্যান্ড সফরে রোহিত শর্মার অবসর ঘিরে তৈরি হওয়া বিতর্ক ভালো ভাবে নেননি বোর্ডের একাংশ। নির্বাচন কমিটির কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এর মধ্যে টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ আরও বাড়িয়েছে।
রোহিতের পাশে বোর্ড কর্তাদের দাঁড়ানোর বিষয়টিও নাকি ভালো ভাবে নেননি আগরকর। সেই থেকেই দুই পক্ষের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কা সিরিজের ফলও আগরকরের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুবমান গিলদের দল প্রত্যাশিত ফল না করলে প্রধান নির্বাচকের পদে পরিবর্তন আসতে পারে।
এইচজেএস
