বিজ্ঞাপন

আরচ্যারিও দ্রুত নির্বাচন করতে চায়

আরচ্যারিও দ্রুত নির্বাচন করতে চায়

১৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদ এক যোগে ২৭ ফেডারেশনের কমিটি বদল করে। ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা ছিল জাতীয় ক্রীড়া পরিষদের। হকির পর আরচ্যারি ফেডারেশনও দ্রুত নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনের আগে ফেডারেশনের নির্বাচন আয়োজন কতটুকু যুক্তিযুক্ত সেটা একটি প্রশ্ন। 

আজ বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান এবং বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন ও ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের বক্তব্যে আসন্ন নির্বাচন এবং ক্রীড়াঙ্গনের সার্বিক অর্জন ও শৃঙ্খলা বিশেষভাবে প্রাধান্য পায়।

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, 'সরকারি নির্দেশনায় ও যথাযথ প্রক্রিয়ায় নবগঠিত কমিটির উদ্যোগেই আজকের এই সাধারণ সভা ডাকা হয়েছে। বর্তমান তিন মাসের টাইমফ্রেম খুবই সন্নিকটে রয়েছে। আজকের এই সভা থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হলে দ্রুততম সময়ের মধ্যে আগামীকালই নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে দেওয়া হবে।'

২০০২ সালে এফিলিয়েশন পাওয়ার পর থেকে বাংলাদেশ আরচ্যারী কেবল ব্যতিক্রমধর্মী ও গৌরবোজ্জ্বল সাফল্য বয়ে এনেছে। বিভিন্ন আন্তর্জাতিক ও এশিয়ান প্রতিযোগিতায় বাংলাদেশ অর্জন করেছে ৪২টি স্বর্ণপদক। এছাড়া যোগ্যতার ভিত্তিতে অলিম্পিক এবং যুব অলিম্পিকে কোয়ালিফাই করার পাশাপাশি যুব অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছানো দেশের ক্রীড়া ইতিহাসে অন্যতম সর্বোচ্চ সাফল্য।

গত ২৫ বছরে দেশে ৭-৮টি বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্ট ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করেছে বাংলাদেয়। স্বাগতিক দেশ হিসেবেও বাংলাদেশ ধারাবাহিকভাবে পদক অর্জন করেছে। সিটি গ্রুপ (২০১৭ সাল থেকে সম্পৃক্ত), গ্রামীণফোন, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং প্রথম দিন থেকেই পাশে থাকা কিউট সহ সকল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতি ফেডারেশনের সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এজেড/এইচজেএস 

বিজ্ঞাপন