বিজ্ঞাপন

যে মন্ত্রে অস্ট্রেলিয়া বধ জানালেন মিরাজ

যে মন্ত্রে অস্ট্রেলিয়া বধ জানালেন মিরাজ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশ জিতবে, এই বিশ্বাস কারও ছিল বলে মনে হয় না। কিন্তু মেহেদী হাসান মিরাজ বিশ্বাস করেছিলেন। প্রস্তুতি ম্যাচের ব্যাটিং ধসের সেঞ্চুরি করেছিলেন। ডারউইন টেস্টে ব্যাটে-বলে রাখলেন দারুণ অবদান। ম্যাচ শেষে জানালেন, অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাসের বীজ খেলোয়াড়দের মনে রোপণ হয়েছিল আগেই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বললেন, ‘আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। অনেক দিন পর আমরা এখানে এলাম। দলের অসাধারণ পারফরম্যান্স ছিল, যা আমাদের চরিত্র ফুটিয়ে তুলেছে।’ 

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে দল ৫৪ রানে অলআউট হলেও আত্মবিশ্বাসে ধাক্কা লাগেনি। বাংলাদেশের জয়ের বিশ্বাস ছিল বললেন তিনি, ‘আমাদের সেই বিশ্বাসটা ছিল। অস্ট্রেলিয়া বিশ্বমানের দল এবং তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। আমরা জানতাম যদি ওদের হারাতে পারি, তবে তা আমাদের দেশের জন্য দারুণ কিছু হবে। বার্তা একটাই ছিল, আমাদের বিশ্বাস রাখতে হবে, তা না হলে এটা সম্ভব নয়। এই পরিস্থিতিতে কীভাবে পারফর্ম করতে হবে তা নিয়ে ভাবতে হবে।’

টেল এন্ডার ব্যাটারদের সাহস দেওয়ার কথা জানালেন মিরাজ, ‘আমরা সঠিক সময়ে ভালো ব্যাটিং ও বোলিং করেছি। প্রথম ইনিংসে তানজিদ তামিম যেভাবে ব্যাট করেছে, শান্ত ও মুমিনুল খুব ভালো করেছে, আর তারপর নিচের সারির ব্যাটারদের সাথে চমৎকার জুটি আমাকে সাহায্য করেছে। ওরা আউট হয়ে গেলে আমি রানগুলো করতে পারতাম না। ওরা ক্রিজে টিকে ছিল বলেই আমি সেটা করতে পেরেছি। আমি ওদের বলেছিলাম, ‘তোমার সামনে কে বল করছে তা নিয়ে ভাববে না।’” 

এফএইচএম