ডারউইন টেস্টে আধিপত্য বিস্তার করার লক্ষ্য নিয়ে টস জিতে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। ফর্মের তুঙ্গে থাকা নাহিদ রানাকে না পেলেও বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন এই পেসার।
অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ইতিহাসের পাতায় নাম লেখান হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা টেস্ট বোলিং করেন ৫৫ রান খরচায় ৬ উইকেট নিয়ে। ২২৮ রানে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে নেমেও হাসানের তোপের মুখে পড়ে। দুই ওপেনারকে নিজের শিকার বানান তিনি। তারপর যখন অজিদের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন ক্যামেরন গ্রিন, তাকেও ফেরান তিনি।
ম্যাচে ৯ উইকেট ১১১ রান দিয়ে। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড ছাপিয়ে হাসান হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।অনুশীলন সেশনে সুনির্দিষ্ট কোন পরিকল্পনায় এগিয়েছে বাংলাদেশ? এমন প্রশ্নে হাসান বললেন, ‘ম্যাচের আগে অনুশীলন সেশনে আমরা প্রতিটা সেকেন্ডে আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিলাম এবং ফলাফলের কথা না ভেবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম।’

অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে পরিকল্পনা নিয়ে হাসান বললেন, ‘কোচদের সাথে বসে আমাদের কিছু দলীয় পরিকল্পনা ছিল, আমরা ভিডিও দেখে বিশ্লেষণ করেছি এবং মাঠে ঠিক সেটাই বাস্তবায়ন করেছি। এগুলোই পার্থক্য গড়ে দিয়েছে।’
এই কন্ডিশনে বোলিং নিয়ে তার মূল্যায়ন, ‘বোলাররা ধৈর্যশীল ছিল, তারা সঠিক লাইন ও লেন্থ বজায় রেখে বল করে গেছে। আর ফলও চলে এসেছে।’
দেশের মানুষের অনুভূতি ভালোভাবে টের পাচ্ছেন তিনি, ‘বাংলাদেশে আমার পরিবার, বন্ধুরা ও দেশের মানুষরা আমার বোলিং ও ভালো পারফরম্যান্স দেখে অনেক খুশি হবে। আমি জানি তারা এই মুহূর্ত উদযাপন করছে। এটা আমার কাছে অনেক কিছু।’
এফএইচএম
