বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সিরিজে পরবর্তী লক্ষ্য কী, জানালেন শান্ত

অস্ট্রেলিয়া সিরিজে পরবর্তী লক্ষ্য কী, জানালেন শান্ত

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল। আজ (রোববার) চতুর্থ দিনেই ডারউইন টেস্ট জিতে নিল তারা। জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গর্বের কথা জানালেন। একইসঙ্গে সতীর্থদের প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন। 

শান্ত বলেন, ‘আমি আমাদের ছেলেদের পারফরম্যান্সে ভীষণ খুশি ও গর্বিত। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ফাস্ট বোলারদের মধ্যে। তারা এখন সামনে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে। গত কয়েক বছরে ফাস্ট বোলারদের টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করা হয়েছে, সেটিও আমাদের জন্য আনন্দের বিষয়। তরুণদের সমর্থন করার জন্য সব কৃতিত্ব মুশফিক ভাই ও মুমিনুলের।’

শান্ত মনে করছেন এমন জয়ে ভবিষ্যতে দলকে অনুপ্রাণিত করবে, ‘তানজিদ দারুণ খেলেছে। টপ অর্ডারে ভালো করতে পেরে ওর জন্য আমি সত্যিই খুব খুশি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি। এই জয় ভবিষ্যতে আমাদের বিশেষ কিছু করার জন্য উৎসাহ জোগাবে।’

পরক্ষণে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, ‘আমরা সিরিজে হোয়াইটওয়াশের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে এজন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং খেলার সব বিভাগেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যারা আমাদের সমর্থন করেছেন, সেই সব ভক্তকে আমি ধন্যবাদ জানাতে চাই।’

অধিনায়কের প্রশংসা করে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘সে খুব ভালো অধিনায়ক, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়।’

আগামী ২২ আগস্ট ম্যাকেইতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশের আরেকটি ইতিহাস গড়ার মিশন। আপাতত এটুকু নিশ্চিত যে, বাংলাদেশ সিরিজ হারছে না।

এসএইচ/এফএইচএম