অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে টেস্টে অবিশ্বাস্য হার দেখল। পুরো ম্যাচে এক মুহূর্তের জন্য তারা নিজেদের খুঁজে পায়নি। ক্যামেরন গ্রিন যা একটু লড়াই করেছেন। চার দিনে ১১ সেশনের পুরোটাই শাসন করেছে বাংলাদেশের বোলার-ব্যাটাররা। ৯ উইকেটে হারের পর প্রতিপক্ষকে নিয়ে তাদের অধিনায়ক প্যাট কামিন্স অকপট স্বীকারোক্তি দিলেন যে, বাংলাদেশ সব বিভাগে দারুণ পারফরম্যান্স করেছে।
এই হারের জন্য প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখছেন কামিন্স। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক জানান, কোথায় তাদের হাত থেকে ম্যাচ ফসকে গেছে। কামিন্স বলেন, ‘সম্ভবত প্রথম দিনেই। আমার মনে হয়েছিল, আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হতো, এরপর বল হাতেও আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’
দলের ব্যাটিং নিয়ে পর্যালোচনায় কামিন্স আরও বলেন, ‘এ ধরনের প্রতিটি ম্যাচেই আপনি ম্যাচআপের দিকে তাকান। আমরা মাত্রই ম্যাচ শেষ করেছি, তাই এ নিয়ে আমরা ভাবব।’ নিজেদের দ্রুত ঘুরে দাঁড়ানোর সামর্থ্যের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে পারি বেশ ভালোভাবেই।’
বাংলাদেশের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই তাদের চেয়ে এগিয়ে ছিল বলে স্বীকার করেছেন স্বাগতিক দলের অধিনায়ক, ‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’
পরে গ্রিনের সেঞ্চুরির ইনিংসের প্রশংসা করে কামিন্স বলেন, ‘গ্রিনের ব্যাটিংয়ের গতি দেখিয়েছে, সে কতটা ভালো খেলোয়াড়। তার সঙ্গে আমাদের আরও দু-একজনকে উইকেটে টিকে থাকতে হতো।’
এসএইচ/এফএইচএম
