এ মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে ডারউইন টেস্টই বড় প্রাপ্তি। এমন জয়ের পর বোনাস না পেলেও আফসোস থাকে না। এই দাবি করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। নিশ্চিতভাবেই অজিদের হারানোর জন্য বোনাস পাবেন শান্তরা। তবে বাশারের কাছে বোনাসের চেয়েও বড় এই জয়।
ম্যাচ জয়ের পর বাশার বলেন, ‘আমি ঠিক জানি না (বোনাসের ব্যাপারে)। আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম উদযাপনে। যেহেতু এমন একটা জয়, কিছুটা তো সেলিব্রেট করতে চাইবেন। বোর্ড কী করবে বোর্ডের ব্যাপার। বোর্ড হয়ত পরে কিছু করবে। তবে এরকম জয়ের পর আসলে আপনার আর কিছু লাগে না! আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এমন জয় পেয়েই খুশি। আমার আর কিচ্ছু লাগবে না।’
প্রতিটি বিভাগেই বাংলাদেশ দল ভালো খেলেছে বলে নির্বাচক প্যানেলের প্রধানের উচ্ছ্বাসটা আরও বেশি। তিনি বললেন, ‘যেভাবেই দেখেন, এই জয় অনেক বড়। বেশ কিছু বড় জয় আছে আমাদের। তবে এটা ভিন্ন। নিউজিল্যান্ডে জেতা টেস্টও বড় ছিল। ওখানেও কঠিন। তবে এটা ভিন্ন একেবারেই। সব দিক দিয়ে ভালো খেলে এই ম্যাচ জিতেছি। ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং, ভালো বোলিং। সবাই সবাইকে সাহায্য করেছে। স্পিনার, পেসার, ব্যাটার- অবিশ্বাস্য খেলেছি আমরা।’
এসএইচ/এফএইচএম
