২২-৩১ অক্টোবর আজারবাইজানে ফিফা অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। ফিফার আওতাধীন ১৯৪ দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা। বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি আজ অ-১৫ ফুটবল কমিটির সভা শেষে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
২০২৪ সালে অক্টোবর বাফুফের নতুন কমিটি নির্বাচিত হয়। এই কমিটি নির্বাচিত হওয়ার পরপরই অ-১৫ পর্যায়ে দেশব্যাপী টুর্নামেন্ট আয়োজন হয়। সেই টুর্নামেন্ট থেকে ২৫ জন মেধাবী ফুটবলার চিহ্নিত করে ফেডারেশন। ঐ খেলোয়াড়দের পাশাপাশি নতুনদের ট্রায়াল নেয়ার বিষয়টি জানালেন কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম, 'আমাদের গত বছর টুর্নামেন্ট থেকে কয়েকজন ফুটবলার পেয়েছি। সেই ফুটবলারদের পাশাপাশি নতুন ট্রায়ালও হবে। এরপরই মূলত দল চূড়ান্ত হবে।'
বিশ্বকাপ নাম দিলেও মূলত এটি শিশু-কিশোরদের ফুটবল উৎসব। এইট-এ-সাইড ম্যাচ। একটি দলে ১৪ জনের স্কোয়াড। বাংলাদেশ অ-১৫ দলে খেলার জন্য জাতীয় দলের ফুটবলার জায়ান আহমেদের ভাই আগ্রহী। আজ সভা শেষে এমনটিই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান, 'গতকাল জায়ানের বাবা তার আরেক ছেলেকে বাংলাদেশের হয়ে খেলানোর ইচ্ছে প্রকাশ করেছেন। জায়ানের ছোট ভাইয়ের বয়স ১৪ বছর এবং উচ্চতা ৫ ফিট ১০ ইঞ্চি। তিনি জায়ানের মতোই ট্রায়ালের মাধ্যমে নিজেকে প্রমাণ করেই দেশের জার্সি গায়ে জড়াতে চান।'
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি বাংলাদেশের হয়ে খেলার পর প্রবাসী অনেকেই খেলার আগ্রহ প্রকাশ করছেন। সিনিয়র, অ-২৩ দল তো আছেই অ-১৫ দলেও অনেকে খেলতে চান, 'জায়ানের ভাইয়ের পাশাপাশি আমেরিকা থেকে আরকেজন, অস্ট্রেলিয়া থেকেও অ-১৫ দলে খেলার জন্য আসতে চান দেশে। তাদের সবার আগ্রহকে আমরা সম্মান করি এবং তাদের জন্য ট্রায়ালের ব্যবস্থা করা হবে।'
১৯৪ দেশ ৩২ গ্রুপে খেলবে। ৩২ গ্রুপের চ্যাম্পিয়ন পরবর্তী পর্যায়ে লড়বে। গ্রুপের অন্য দলগুলো প্লে অফ খেলবে। অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালে বাংলাদেশের কোচ হবেন এটা এখনো ঠিক হয়নি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এটি চূড়ান্ত করবেন।
এজেড/এইচজেএস
