অস্ট্রেলিয়াকে সিরিজের প্রথম টেস্টে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। তবে এই খেলা দেশের কোনো টিভি চ্যানেল দেখায়নি। যা নিয়ে হয়েছে বেশ সমালোচনাও। এ নিয়ে এবার কথা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
তামিম বলেন, 'আমি বিস্তারিত জানি যে কী হয়েছে। দুর্ভাগ্যবশত সেটি শেয়ার করতে পারছি না, তবে এখানে একটি কারিগরি কারণ ছিল। হোম সিরিজ হলে আমরা দায়িত্বশীল থাকি, কিন্তু অ্যাওয়ে সিরিজের ক্ষেত্রে বিসিবির কোনো দায়বদ্ধতা নেই কারণ আমরা সিদ্ধান্ত নিই না কারা দেখাবে। যারা নিয়মিত খেলা দেখায় আমি তাদের বলেছি যে এটি দুঃখজনক।'
'তারা বাংলাদেশ ক্রিকেটের বড় সমর্থক, তাদের ছোট করতে চাই না। তবে বাংলাদেশের চ্যানেলে দেখালে আমরা আরও খুশি হতাম। তাদের হয়তো কোনো কারণ ছিল যা আমরা জানি না। তারা আমাদের পার্টনার এবং আমি তাদের সম্মান করি। আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আমরা বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা দেখতে পাব।'-যোগ করেন তিনি।
তামিম আরো বলেন, 'অবশ্যই আমরা ভবিষ্যতে আরও সতর্ক হব যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। অর্থের চেয়ে খেলা দেখানোকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশে খেলা দেখানো উচিত, তবে এটি ক্রিকেট বোর্ডের বিষয় নয়। রাইটস ছিল অস্ট্রেলিয়ার। তারা কাকে দিবে বা বিক্রি করবে সেটি তাদের সিদ্ধান্ত।'
'আমরা যখন হোস্ট করি তখন আমরা সিদ্ধান্ত নিই। এখানে ক্রিকেট বোর্ডের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। তবে যেহেতু আমাদের অনেক অনুসারী আছে, আমরা আশা করতেই পারি যে দেশের চ্যানেলে দেখাবে। তারা আমাদের পার্টনার এবং আমি তাদের সম্মান করি। আশা করি সামনে সব সুন্দরভাবে হবে।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস
