বিজ্ঞাপন

নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, মাথাচাড়া দিয়ে উঠল পুরোনো শত্রুতা

নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, মাথাচাড়া দিয়ে উঠল পুরোনো শত্রুতা

ম্যাচের আগে সৌজন্যতা রক্ষায় হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দেন নেইমার। কিন্তু ইচ্ছা করে তাকে উপেক্ষা করেন থিয়াগো মেন্দেস। রোববার সান্তোস সুপারস্টারের সঙ্গে ভাস্কো দা গামা মিডফিল্ডারের এই আচরণে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল দীর্ঘদিনের শত্রুতা।

সাও জানুয়ারিওতে এই শীতল যুদ্ধের মুহূর্ত নিয়ে সোশ্যাল মিডিয়া গরম হয়ে উঠেছে। লিগ ওয়ানে খেলা থেকে শুরু করে তৈরি হওয়া এই বিবাদের সবশেষ অধ্যায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে নেইমারের ঘনিষ্ঠ মহল।

ভাস্কো ও সান্তোসের মধ্যকার ম্যাচ শুরুর বাঁশি বাজার আগে থেকেই সাও জানুয়ারিওতে উত্তপ্ত পরিবেশ। ম্যাচের আগে প্রথাগত শুভেচ্ছা বিনিময়ের সময় মেন্দেস ইচ্ছা করে সান্তোসের ১০ নম্বর জার্সিধারীর সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান।

ওই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয় এবং দ্রুত ভাইরাল হয়। এর প্রতিক্রিয়ায় নেইমারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দুঃখের ইমোজি দেয়। স্বাগতিক সমর্থকরা নেইমারের কান্নার মাস্ক বিতরণ করতে থাকলে  পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছিল।

নেইমারের কাছের বন্ধু জোতা আমানসিও ভাস্কো মিডফিল্ডারের সমালোচনা করতে দেরি করেননি। ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদিনহোর একটি বিখ্যাত উক্তি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মেন্দেসকে কটাক্ষ করেন তিনি। সেখানে তিনি জ্লাতান ইব্রাহিমোভিচ ও রোনালদিনহোর একটি ঘটনা উল্লেখ করেন। ব্রাজিলিয়ান সাবেক তারকা বলেছিলেন, একজন সত্যিকারের সুপারস্টার সাধারণত সহজ-সরল স্বভাবের হয়, আর সাধারণ মানের খেলোয়াড়দের মধ্যে প্রায়শই অহঙ্কারী মনোভাব থাকে।

এই দুজনের শত্রুতার শুরু ২০২০ সাল থেকে। ওই সময় লিগ ওয়ানে পিএসজিতে খেলতেন নেইমার, লিওঁতে মেন্দেস। দুই দলের মুখোমুখি লড়াইয়ে একবার নেইমারের গোড়ালি গুরুতরভাবে মচকে দেওয়ায় লাল কার্ড দেখেন মেন্দেস। ওই সময় তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেও এর রেশ চলছে দীর্ঘদিন ধরে।

তাদের শত্রুতা নতুন করে ফিরেছে এই বছরের শুরুতে, যখন দুজনই ব্রাজিলিয়ান ফুটবলে ফেরেন। সাম্প্রতিক এক ম্যাচে প্রথমার্ধে দুজনের মধ্যে বাদানুবাদ হয়েছিল। মেন্দেসের একটি ফাউলে ক্ষেপে যান নেইমার। তারপর মেন্দেস তার মুখে হাত দিলে পড়ে যান। দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখানো হয়েছিল। কিন্তু হাফটাইমে টানেলের ভেতরেও চলে তাদের ঝগড়া। 

ওই উত্তপ্ত বাক্যবিনিময়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেইমার তার প্রতিপক্ষের চরিত্র সম্পর্কে একটি স্পষ্ট মূল্যায়ন করেন। নেইমার স্পোর্টটিভিকে বলেছিলেন, ‘সে সবসময় ঝামেলা শুরু করতে চায়, সবসময় নিজেকে কঠিন লোক হিসেবে দেখাতে চায়, ব্যাপারটা সবসময় এমনই। সবিনয়ে বলছি, সে একটা আস্ত বেয়াদব।’

এফএইচএম