বিজ্ঞাপন

অনিশ্চয়তায় ঘরোয়া ফুটবল, সব ক্লাবকে ডাকলেন বাফুফে সভাপতি

অনিশ্চয়তায় ঘরোয়া ফুটবল, সব ক্লাবকে ডাকলেন বাফুফে সভাপতি

২১ আগস্ট থেকে ঘরোয়া ফুটবলের ২০২৬-২৭ মৌসুম শুরু হওয়ার কথা। দুই শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস এখনো ফিফা নিষেধাজ্ঞায়। ফর্টিজ,পুলিশ ছাড়া অন্য ক্লাবগুলো ক্যাম্পই শুরু করেনি। এই অনিশ্চয়তার জন্য বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আজ বিকেলে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসছেন। 

ঘরোয়া লিগ দেখভাল করার দায়িত্ব লিগ কমিটির। বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। তিনি বসুন্ধরা কিংসেরও সভাপতি। ঘরোয়া ফুটবলের এই সংকটে লিগ কমিটি কোনো সভা ডাকেনি সম্প্রতি।

এমনকি সিনিয়র সহ-সভাপতি হয়েও ইমরুল হাসান বাফুফের সাম্প্রতিক সভায় অংশ নেননি। তাই ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে হচ্ছে। ক্লাবগুলোকে দেওয়া চিঠি স্বাক্ষর করেছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানকে অনুলিপি দেওয়া হয়েছে প্রয়োজনীয় কার্যার্থে। 

বাংলাদেশের ফুটবলে অলিখিত সংস্কৃতি অনুযায়ী ক্লাবগুলোর সঙ্গে ফেডারেশনের সভা মানে দলবদল সময় বাড়ানো, খেলা পেছানো। আজকের সভায় এ রকম সিদ্ধান্তই আসতে যাচ্ছে। কারণ ২৫ আগস্ট ফেডারেশন কাপ, ২৮ আগস্ট লিগ হওয়ার কথা। অথচ অনেক ক্লাবই কোচ ঠিক করতে পারেনি। অনুশীলন তো পরের কথা, ক্যাম্পই শুরু হয়নি। 

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ফিফা উইন্ডো। সেপ্টেম্বরে বাংলাদেশ আসিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিলে ২-৩ সপ্তাহের প্রস্তুতি দরকার। দুই ম্যাচ খেলে ক্লাবগুলো বসে থাকলে বাড়তি খরচ। তাই অক্টোবর থেকে ঘরোয়া ফুটবল খেলার ইচ্ছা অনেক ক্লাবের। 

এজেড/এফআই