বিজ্ঞাপন

দ্রাবিড়ের দলে কোচ হচ্ছেন অশ্বিন

দ্রাবিড়ের দলে কোচ হচ্ছেন অশ্বিন

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই কিন্তু ক্রিকেটকে ছাড়েননি রবিচন্দ্রন অশ্বিন। কখনও ধারাভাষ্যকারের ভূমিকায়, কখনও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণে—ক্রিকেটের সঙ্গেই থেকেছেন ভারতের অন্যতম সফল এই স্পিনার। অবসরের সময়ই ইঙ্গিত মিলেছিল, ভবিষ্যতে তাকে কোচের ভূমিকায় দেখা যেতে পারে। এবার সেই সম্ভাবনাই বাস্তব হতে যাচ্ছে।

আয়ারল্যান্ডের ডাবলিন গার্ডিয়ান্সের মেন্টর ও কোচের দায়িত্ব নিচ্ছেন অশ্বিন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলা দলটির অন্যতম মালিক ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রাহুল দ্রাবিড়। একসময় দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছেন অশ্বিন। এ বার সেই দ্রাবিড়ের দলেরই দায়িত্ব সামলাবেন তিনি। বিষয়টি নিজেই জানিয়েছেন অশ্বিন।

দ্রাবিড়ের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরে অ শ্বিন জানিয়েছেন, 'গত পাঁচ বছর ধরে রাহুল ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি ভারতের কোচ ছিলেন। তার কাছে আমি অনেক কিছু শিখেছি। আবার ১৩ বছর আগে চেন্নাইয়ে একটি ক্লাবের খেলায় তিনি আমার অধিনায়কত্বেও খেলেছেন। এ বার ডাবলিন গার্ডিয়ান্সের হয়ে আমরা একসঙ্গে কাজ করব।'

অশ্বিনের জন্যও এটি নতুন এক অধ্যায়। এত দিন ক্রিকেটকে দেখেছেন একজন খেলোয়াড়, বিশ্লেষক কিংবা ধারাভাষ্যকারের চোখে। এ বার মাঠের বাইরে থেকে একটি দলকে পরিচালনা ও প্রস্তুত করার দায়িত্ব তার কাঁধে।

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন অশ্বিন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার কীর্তি তাকে দেশের অন্যতম সেরা বোলারের মর্যাদা দিয়েছে। ভারতের হয়ে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন তিনি। অনিল কুম্বলের পর টেস্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলারও অশ্বিন। ওয়ানডেতে ১১৬ ম্যাচে নিয়েছেন ১৫৬ উইকেট, আর টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে তার শিকার ৭২ উইকেট। তিন সংস্করণ মিলিয়ে ভারতের হয়ে ২৮৭ ম্যাচে মোট ৭৬৫ উইকেট শিকার করেছেন তিনি।

এইচজেএস