ডারউইনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর ব্যাকফুটে থাকা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপর চাপ এখন তুঙ্গে। দ্বিতীয় টেস্টের আগে দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্পষ্ট করে জানিয়েছেন, অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেনকে দলে টিকে থাকতে হলে দ্রুত বড় রান করতে হবে।
২০২৩ সালের জুলাইয়ের পর থেকে টেস্টে টানা ৪২টি ইনিংসে কোনো সেঞ্চুরি পাননি লাবুশেন। এ সময়ে তার ব্যাটিং গড় মাত্র ২৫.৩২, যেখানে ফিফটি রয়েছে কেবল ৯টি। আর বাংলাদেশ দলের বিপক্ষে প্রথম টেস্টে তিনি দুই ইনিংসে যথাক্রমে ১ ও ৩১ রান করেন।
লাবুশেনের পাশাপাশি উদ্বোধনী ব্যাটার জ্যাক ওয়েদারল্ডও (ডারউইনে ২৩ ও ০) দল থেকে বাদ পড়ার আশঙ্কায় রয়েছেন। ১২ টেস্ট ইনিংসে তার গড় দাঁড়িয়েছে ২০.৩৬।
কোচ স্বীকার করেছেন যে লাবুশেন টেকনিক্যাল কিছু উন্নতি করলেও রান না পাওয়াটাই আসল বিষয়। তিনি বলেন, ‘আমাদের রান দরকার- এটাই শেষ কথা। দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল সে ছন্দে আছে, তবে শেষ পর্যন্ত তা কেবল ৩১ রান। সে রানে ফিরতে পারছে না, যা সে নিজেও বোঝে এবং আমরাও বুঝি। সে কারিগরি পরিবর্তন এনেছিল এবং তা চাপে টিকে ছিল, কিন্তু এখন বড় ইনিংস খেলা জরুরি।’
অস্ট্রেলিয়ার নির্বাচকরা ইতোমধ্যেই ম্যাকাই টেস্টের জন্য পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন, বাদ পড়া ব্যাটারদের জায়গায় সবচেয়ে বেশি আলোচনায় আছেন ৩০ বছর বয়সী ম্যাট রেনশো। শেফিল্ড শিল্ডে ১০ ইনিংসে ৪৯.৯০ গড়ে রান করা রেনশ ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং ম্যাকাইয়ের ভেন্যুতে তার রেকর্ড বেশ চমৎকার।
দলে রয়েছেন জশ ইংলিস ও তরুণ অলরাউন্ডার কুপার কনোলি। যদিও শীর্ষ সারির ব্যাটিং পজিশনে তাদের প্রথম শ্রেণির ক্রিকেট অভিজ্ঞতা সীমিত। স্যাম কনস্টাস ও ক্যাম্পবেল ক্যালোওয়েকে আগামী সেপ্টেম্বরে ‘এ’ দলের ভারত সফরের জন্য বিবেচনা করা হতে পারেন।
এমএমএম/
