বিজ্ঞাপন

স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট, ঐতিহাসিক জয় নিয়ে প্রধান নির্বাচক বাশার

স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট, ঐতিহাসিক জয় নিয়ে প্রধান নির্বাচক বাশার

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখল বাংলাদেশ। গতকাল ডারউইনে নাজমুল হোসেন শান্তর দল তুলে নিয়েছে ঐতিহাসিক ও অবিস্মরণীয় এক জয়। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সফরকারীরা। 

এই জয়ের পর বিশ্ব ক্রিকেট বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে। বিশ্বের বড় বড় দল অস্ট্রেলিয়ায় গিয়ে যেখানে হাপিত্তেশ করে, সেখানে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে রীতিমতো চারদিন কোণঠাসা করে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার মনে করেন, বিশ্ব ক্রিকেট এখন টের পেয়েছে টাইগাররা আর আগের মতো নেই। 

কোনো দলকে ছাড় না দেওয়ার মানসিকতাই অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশ দলকে। বাশার বলেন, 'রেসপেক্ট পাওয়া থেকে শুরু হয়েছে আসলে ব্যাপারটা। অস্ট্রেলিয়ানরা যে খেলা দেখছে, ওদের কাছ থেকে যে রেসপেক্ট আমরা পাচ্ছি এবার, একেবারেই আলাদা। তখন তো এত শক্ত দল ছিলাম না। বাংলাদেশ দল যে রেসপেক্ট নিয়ে যাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার।'

এই জয়ে বিশ্ব ক্রিকেটকে বড় বার্তা দিয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে দেখছে। বাশার বলেন, 'স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট। আবার আমন্ত্রণ করবে কি না জানি না। তবে বাংলাদেশ স্টেটমেন্ট দিয়ে গেল- আমরা আগের বাংলাদেশ না। আমরা জিততে জানি, তোমাদের হারাতেই পারি। এই টেস্টের ৪ দিনেই ফুল হাউজ। সবাই খেলা দেখেছে। এটা দলের পক্ষ থেকে একটা বার্তা। আমরা আর আগের বাংলাদেশ নেই।'

এমন হারের পর স্টিভেন স্মিথ অবশ্য সরাসরিই বলেছিলেন বাংলাদেশের কাছে তারা পরাস্ত হয়েছে। তিনি বলছিলেন, 'ব্যাপারটা খুবই সহজ। আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি। প্রথম দিন সকালে বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে, দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে। আমাদের ব্যাটাররা সম্ভবত যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিল না। এরপর দ্বিতীয় ইনিংসে তারা খুব ভালো ব্যাটিং করেছে, স্কোরবোর্ডে অনেক রান তুলে ফেলেছে। গতকাল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট ছিল।'

‘একই উইকেটে আমরা সেই ঘাটতি পূরণ করতে পারিনি। আমাদের কয়েকজন ব্যাটার শুরুটা ভালো করেও ইনিংসটা বড় করতে পারেনি। আমার মনে হয় (ক্যামেরন) গ্রিন সেঞ্চুরি করতে খুব ভালো ব্যাটিং করেছে কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। সেখানে ম্যাচে থাকতে হলে আমাদের সম্ভবত অন্তত ২০০ বা তার বেশি রান করা দরকার ছিল। আর যেমনটা বললাম, আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি।'

এসএইচ