বিজ্ঞাপন

অবিস্মরণীয় জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

অবিস্মরণীয় জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। এমন জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও সম্ভব বলে মনে করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও। সেই সুরে সুর মেলালেন ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, 'বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন এটা খুব স্পষ্টভাবে বলেছে যে, আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরে জিততে চাই। কারণ আমাদের এরপরে আরও সাতটি ম্যাচ (টেস্ট) বাকি আছে। এখন এটা নিয়ে চিন্তা না করে সামনে যে ম্যাচটি আছে ওই ম্যাচ বাই ম্যাচ যদি যাওয়া যায়।'

‘সমীকরণের জায়গায় সমীকরণ, আমরা গাণিতিক সমীকরণ জানি যখন মিলবে সেটা তখন মিলিয়ে যাবে। এখন এটা আপনি এক বছর দেড় বছর পরের একটা টুর্নামেন্টে কখন কী হবে এইটা বলে তো আর এখনই এটা নিয়ে কাজ করতে পারবেন না। কারণ আমরা পরিস্থিতির অনেক বেশি সামনে এগিয়ে যেতে চাই না।’

বর্তমান নিয়ে ভাবলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে আশা নাফিসের,‘আমার কাছে মনে হয় যে বর্তমান নিয়ে যদি আমরা লক্ষ্য নির্ধারণ করি ভবিষ্যৎ ইনশাআল্লাহ উজ্জ্বল হবে।’

অজিদের বিপক্ষে ৯ উইকেটের জয়ে পূর্ণ ১২ পয়েন্ট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে অবস্থান পাল্টাতে না পারলেও শতকরা পয়েন্ট হার বেড়েছে বাংলাদেশের। তাতে ২০২৫-২৭ চক্রের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

এই জয়ে বাংলাদেশ তালিকার চার নম্বরেই আছে। তাদের শতকরা পয়েন্ট হার (পিসিটি) ৫৮.৩৩ থেকে বেড়ে ৬৬.৬৭ হয়েছে। তাতে অবিশ্বাস্য কিছু করে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি ও ফাইনালের সমীকরণে টিকে থাকারও সম্ভাবনা হাতছানি দিচ্ছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চতুর্থ চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৫টি টেস্ট। শান্ত-তাসকিনরা চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচ খেলে ৩ জয় এবং ১টি করে ড্র ও হার দেখেছে।

এসএইচ/এফআই