অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় বাংলাদেশের। ডারউইনে নাজমুল হোসেন শান্তদের এমন সাফল্যে উচ্ছ্বসিত টাইগ্রেসরাও। ঐতিহাসিক এই জয়ের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক সদস্য।
বাংলাদেশের জয়ে নিজের আনন্দের কথা জানিয়ে পেসার মারুফা আক্তার বললেন, ‘সত্যি বলতে অনেক খুশি। আমাদেরই দেশ জিতেছে বলে আমি অনেক আনন্দিত।’
হাসানের পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা জানিয়ে মারুফা বলেন, ‘অবশ্যই। ইনশাআল্লাহ আমারও পরবর্তী লক্ষ্য থাকবে যেন ভবিষ্যতে আরও উইকেট নেওয়ার ক্ষুধা থাকে। ভাইযয়ার থেকে এটাই শেখা যে ইনশাআল্লাহ আমরাও পারব।’
বাংলাদেশ দলের ঐতিহাসিক টেস্ট জয়ে টিভিতে দেখেছেন সোবহানা মোস্তারি, ‘আমার খুব ভালো লাগছে। গত ৪ দিন ধরে খেলাটি দেখছিলাম এবং প্রতি বলে বলে নজর রাখার চেষ্টা করেছি। মাঝখানে কিছুটা দুশ্চিন্তা ছিল যে রানের লক্ষ্যমাত্রা কত হবে। তবে আজকে যখন দেখলাম আমরা জিতে গেছি, তখন খুব ভালো লাগল।’
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া বাংলাদেশর এই জয় নিয়ে স্পিনার নাহিদা আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ২৩-২৬ বছর পর বাংলাদেশ দল জিততে পেরেছে, এতে আমি অনেক খুশি।'
বাংলাদেশের নারী দলের বর্তমান কোচ সারোয়ার ইমরান। তার কাছেও এই জয় আকস্মিক সাফল্য নয়, ‘এটি বর্ণনা করা কঠিন। আমি খুব খুশি যে বাংলাদেশ এমন খেলেছে। এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না; দুই ইনিংসেই বাংলাদেশ খুব ভালো করেছে। ব্যাটিংয়ে যেমন রান করেছে, বোলিংয়েও তেমনই আক্রমণাত্মক ছিল। বাংলাদেশের ছেলেরা যদি এটি ধরে রাখতে পারে, তবে তারা সবার সমীহ আদায় করতে পারবে।’
এসএইচ/এইচজেএস
