অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর পর ড্রেসিংরুমের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। জয়ের পর বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ক্রিকেটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি দলের সবাইকে বিনয়ী থাকার আহ্বান জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ড্রেসিংরুমে প্রধান কোচ ফিল সিমন্সও ক্রিকেটারদের প্রশংসায় ভাসান। তিনি বলেন, ‘তোমরা যে কঠোর পরিশ্রম করেছো, এই সাফল্য তোমাদের প্রাপ্য। তোমাদের নিয়ে আমি গর্বিত। তোমরা দারুণ করেছ। ইতিহাসের এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য তোমাদের অভিনন্দন। বোলিং গ্রুপকে বিশেষভাবে অভিনন্দন। আমরা খুবই শৃঙ্খলাবদ্ধ ছিলাম এবং ব্যাট হাতেও দারুণ চেষ্টা করেছ। অসাধারণ, খুব ভালো করেছ।’
পুরো ম্যাচে ক্রিকেটারদের একে অপরের সাফল্যে আনন্দিত হওয়ার বিষয়টিও নজরে এসেছে ফিল সিমন্সের, ‘তামিম, অসাধারণ। হাসান ও তামিম প্রথম ইনিংসটা আমাদের নিয়ন্ত্রণে রেখেছিল। শান্ত, তোমরাও প্রথম ইনিংসটা নিয়ন্ত্রণ করেছ। মিরাজ, তুমিও এর অংশ ছিলে, দ্বিতীয় ইনিংসটা তুমি নিয়ন্ত্রণ করেছ।’
‘এরপর আমরা হয়তো বিষয়টিকে সেভাবে দেখি না, কিন্তু শুরুতেই একটি উইকেট হারানোর পর মিনি (মুমিনুল) এসে শান্ত থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেছে এবং আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। এই ম্যাচে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওপর থেকে বসে যখনই নিচের দিকে ক্যামেরা গেছে, তখনই সবার আনন্দ দেখা গেছে। সে যখন ৯০ রানে ছিল, যখন পাঁচ উইকেট পেয়েছে—সবার মুখে আনন্দ ছিল। দলের জন্য যে যা করছে, তার সাফল্যে সবাই যে খুশি হচ্ছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার।’
প্রথম টেস্ট জয়ের উচ্ছ্বাসে ভেসে না গিয়ে সামনে থাকা ম্যাচের দিকে মনোযোগী হওয়ার বার্তাও দিয়েছেন সিমন্স, ‘আমার মনে হয়, মুশফিক এখন যে কথাটা বলেছে, সেটিই দেখিয়ে দেয় যে এই দল সফল হতে যাচ্ছে কিংবা এটি একটি সফল ধারার শুরু। এটি আমাদের জন্য বড় ইতিবাচক দিক। এখন আমি চাই আমরা একটি বিষয় ধরে রাখি। সাফল্য এবং ধারাবাহিক সাফল্যের জন্য নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আজ আবেগ অনেক ওপরে উঠবে, কিন্তু সেটিকে খুব বেশি বাড়তে দেওয়া যাবে না। কারণ সিরিজ জিততে আমাদের সামনে এখনো আরেকটি ম্যাচ আছে। আমাদের লক্ষ্যের প্রথম ধাপে আমরা সফল হয়েছি।’
এক টেস্ট জিতেই সন্তুষ্ট নন সিমন্স। বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যেই অস্ট্রেলিয়ায় এসেছে জানিয়ে সিমন্স বলেন, ‘আমরা এখানে শুধু একটি টেস্ট ম্যাচের জন্য আসিনি, আমরা দুটি টেস্টের জন্য এসেছি। এখন একটি ম্যাচ শেষ হয়েছে, সামনে আমাদের আরও একটি ম্যাচ আছে।’
এসএইচ/এমএমএম
