জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬-এর ফাইনালে স্বাগতিক টাঙ্গাইলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা প্রমিলা দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় শিরোপার লড়াই। সেখানেই রংপুরের গোলরক্ষক সুমাইয়ার দুর্দান্ত নৈপুণ্যে হেক্সা মিশনের স্বপ্ন পূরণ করে রংপুর।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে টাঙ্গাইলে অনুষ্ঠিত ফাইনাল নির্ধারিত সময়ের লড়াই গোল শূন্য ছিল। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোলের দেখা পায়নি কোনো দল।

নির্ধারিত সময় শেষে বৈরি আবহাওয়ার কারণে সরাসরি টাইব্রেকারে খেলা গড়ালে চ্যাম্পিয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সফল হয় রংপুরের মেয়েরা। টাইব্রেকারে রংপুরের তিনটি শট জালে জড়ালেও টাঙ্গাইলের কোনো শট গোল হয়নি। ফলে ৩–০ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে তারা।
রংপুরের গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফরম্যান্স করেন সুমাইয়া। গুরুত্বপূর্ণ মুহূর্তে একাধিকবার দলকে রক্ষা করার পাশাপাশি টাইব্রেকারেও অসাধারণ দক্ষতা দেখান তিনি। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলরক্ষক—দুটি পুরস্কারই ওঠে তার হাতে।
টুর্নামেন্টে ব্যাটন হাতে গোলের ধারাবাহিকতা ধরে রাখেন রংপুরের অনন্যা। ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন।

এদিকে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মিম। আর বেস্ট ভেল্যুয়েবল প্লেয়ার (এমভিপি) নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটির থুইকারিমা মারমা।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহাফুজা আক্তার কিরন। উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন।
এরআগে শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এই শিরোপা জয়ের মধ্য দিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬-এর আসর শেষ করল রংপুর। টাইব্রেকারের স্নায়ুচাপ সামলে টাঙ্গাইলকে হারিয়ে রংপুরের কিশোরীদের এই সাফল্য আসরের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।
রংপুর জেলা প্রমিলা ফুটবল দলের অধিনায়ক অনন্যা খানম বলেন, সবাই দারুণ খেলেছে। আমরা জয়ের লক্ষ্য নিয়ে রংপুর থেকে এসেছিলাম। চ্যাম্পিয়ন হয়ে আমরা ফিরতে পারছি, এটা ভীষণ আনন্দের। নতুন কুঁড়ির শিরোপার পর জেএফএ’র শিরোপার ধারাবাহিকতা আমাদের আগামীতে আরও বেশি অনুপ্রাণিত করবে।
দলের কোচ রুমা আক্তার জানান, ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২৫ সালে জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন রংপুর বালিকা দল। এবার হেক্সা মিশন পূরণের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল রংপুর। সেই স্বপ্ন পূরণের মধ্য দিয়ে মেয়েরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ
