হৃদরোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাসিত আলী। বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করার পর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ৫৫ বছর বয়সী এই সাবেক তারকাকে।
হাসপাতালে নেয়ার পরপরই চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। আগামী কয়েকদিন তাকে হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হতে পারে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি প্রকাশ পাওয়ার পর থেকে ক্রিকেট ভক্ত ও সাবেক সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠাচ্ছেন।
মাত্র ২২ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলে আক্রমণাত্মক ব্যাটার হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯টি টেস্ট ম্যাচে ৩৩ ইনিংসে ১টি শতক ও ৫টি অর্ধশতকসহ ৮৫৮ রান সংগ্রহ করেন। ৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১টি শতক ও ৯টি অর্ধশতকের সাহায্যে ১২৬৫ রান করেন।
এমএমএম/
