বিজ্ঞাপন

ইনফান্তিনোর পরিকল্পনার সমালোচনা করে বরখাস্ত ফিফার এক কর্মকর্তা

ইনফান্তিনোর পরিকল্পনার সমালোচনা করে বরখাস্ত ফিফার এক কর্মকর্তা

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ সব প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা করে তোপের মুখে পড়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফাসহ একাধিক কনফেডারেশনের বিরোধিতার মুখে সেটি বাতিল করেছেন সুইস প্রশাসক। তবে ফিফার ভেতর থেকেও তিনি সমালোচনা শুনেছেন। বিষয়টি তার ভালো লাগেনি।

ইনফান্তিনোর ওই বাতিল হওয়া পরিকল্পনার কঠোর সমালোচনা করার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে বরখাস্ত করা হয়েছে ফিফার প্রধান অপারেটিং অফিসার কেভিন লামোরকে। এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র এতটুকুই নিশ্চিত করেছেন যে, ফিফার সঙ্গে প্রধান অপারেটিং অফিসার হিসেব কেভিন লামোরের কাজের সম্পর্ক শেষ হয়েছে ২০২৬ সালের ১৭ আগস্ট।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই বছর ধরে সেবা দেওয়ার জন্য ফিফা কেভিনকে ধন্যবাদ দিচ্ছে এবং ভবিষ্যতের জন্য তাকে শুভ কামনা জানাচ্ছে।’ ফিফার সেক্রেটারি জেনারেল মাত্তিয়াস গ্রাফস্ট্রোম সোমবার সন্ধ্যায় পাঠানো এক ইমেইলে এর কর্মীদের খবরটি জানিয়ে দেওয়া হয়। তাদের বলা হয়েছে ফিফা ও লামোর ছাড়াছাড়ি হওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে।

গত মাসে বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনাকে ‘একজন ব্যক্তির প্রকল্প’ হিসেবে বর্ণনা করেন লামোর। বলেছিলেন, ‘ফুটবল রাজনীতির নেতাদের সময় এসেছে নিজেদের সঠিক প্রশ্ন করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার।’ তিনি যোগ করেছিলেন, বাতিল হওয়া সেই পরিকল্পনায় ফিফা প্রশাসন নিজেদের দ্বারা প্রতারিত হয়েছিল।

লামোর ২০২৪ সালের নভেম্বরে ফিফায় যোগ দেন। তার আগে তিনি উয়েফার ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ইনফান্তিনোর চেয়ে দুই ধাপ নিচের ব্যবস্থাপনা স্তরে ছিলেন। এই মাসের শুরুতে মরক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে ইনফান্তিনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পেলেও লামোরকে আমন্ত্রণ জানানো হয়নি।

এফএইচএম

বিজ্ঞাপন