বিজ্ঞাপন

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

ম্যানচেস্টার সিটির সাফল্যমণ্ডিত অধ্যায় শেষ করে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি যোগ দিচ্ছেন বার্সেলোনায়। চুক্তি সম্পন্ন করতে ইতোমধ্যে বার্সেলোনা পৌঁছেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সমঝোতা অনুযায়ী ট্রান্সফার ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড। লা লিগা চ্যাম্পিয়নদের সাথে ৪ বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন রদ্রি।

সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে থাকা রদ্রির জন্য বার্সেলোনার দেওয়া ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রথম প্রস্তাবটি প্রত্যাখ্যান হয়েছিল। রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শেষ পর্যন্ত বাজিমাত করে বার্সেলোনা।

বার্সেলোনায় পৌঁছে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রদ্রি জানান, ‘এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত। বার্সেলোনায় খেলা আমার একটি স্বপ্ন ছিল। জাতীয় দলের বহু সতীর্থ এখানে রয়েছে, দ্রুত তাদের সাথে যোগ দিয়ে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ সব শিরোপা জিততে চাই।’

২০১৯ সালে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ২৯৮টি ম্যাচে মাঠে নামেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে মোট ১২টি প্রধান শিরোপা জিতেছেন তিনি। এ মধ্যে রয়েছে চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ ও তিনটি ইএফএল কাপের ট্রফি।

২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডার ইনজুরি কাটিয়ে সাম্প্রতিক সময়ে ফর্মে ফেরেন এবং স্পেনকে বিশ্বকাপ জেতাতে অসামান্য অবদান রাখেন। সেই সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রদ্রি।

এমএমএম/