আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আলোচনায় উঠে আসেন মিসরের কোচ হোসাম হাসান। আফ্রিকান দলের হেরে যাওয়া সেই ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। ফিফারও সমালোচনা করতে ছাড়েননি। ওই ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় মাস পর আবারও স্পটলাইটে হোসাম, এবার পারিবারিক ঝামেলার কারণে!
স্কাই নিউজ অ্যারাবিয়া-র প্রতিবেদন অনুযায়ী, অদ্ভুত পারিবারিক বিবাদে জড়িয়ে পড়েছিলেন হোসাম। মিসরীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, হোসাম ও তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম উত্তর উপকূলের একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তার সাবেক স্ত্রী হুবাইদা ও সন্তানরা এসে পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেন।
দুই পক্ষের মধ্যে ভয়াবহ হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এমনকি এই দ্বন্দ্বের মূল হোতা হোসাম এই চাপ সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জানা গেছে, মিসরের উত্তর উপকূলে অবস্থিত মারিনা রিসোর্ট অঞ্চলের একটি হোটেলের ক্যাফেতে ঘটনাটি ঘেটেছে। ওইসময় ড্যান অ্যাডামকে নিয়ে হোটেলে বিশ্রাম করছিলেন হোসাম। মিসরের বিখ্যাত শিল্পী মোহামেদ রামাদানের পারফরম্যান্স দেখার পর দুজনে কেবলই হোটেলে ফিরেছিলেন। কিন্তু তারা বেশিক্ষণ শান্তিতে থাকতে পারেননি।
হোসামের প্রাক্তন স্ত্রী হুবাইদার সন্তানরা হঠাৎ ক্যাফেতে আসেন এবং তার ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। তাকে চেয়ার থেকে টেনে তুলে তাদের সঙ্গে যেতে বলেন। তারপরই শুরু হয় মারামারি। প্রত্যক্ষদর্শীরা জানান, হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামের সঙ্গে হুবাইদা ও তার মেয়ের কথা কাটাকাটি হয়। হঠাৎ করে তা হাতাহাতিতে রূপ নেয়। একটা সময় এতে জড়িয়ে পড়েন আরও একাধিক মানুষ। এই বিবাদ সামান্য ঝগড়াতে থেমে থাকেনি।
ড্যান অ্যাডামের দাবি, তাকে কেউ একজন গরম কফি ছুড়ে মেরেছিল। তারপর থাপ্পড়ও মারেন, ঘুষির পর চুলও টানাটানি করেছেন। সবচেয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া হোসাম দুই পক্ষের মাঝে পড়ে যান। বুঝতে পারছিলেন না কীভাবে পরিস্থিতি সামলাবেন। অবস্থা বেগতিক দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। ঘটনা দেখতে থাকা কেউ একজন পুলিশকে ফোন করে আসতে বলেন। তারা এসে পরিস্থিতি ঠাণ্ডা করেন।
ঘটনার পর হোসামের প্রাক্তন স্ত্রী হুদাইবা পুলিশ স্টেশনে গিয়ে প্রাসঙ্গিক রিপোর্ট জমা দিলেও পরে সব অভিযোগ স্বেচ্ছায় তুলে নেন। তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম গণমাধ্যমে কথা বলার সময় আবেগী হয়ে পড়েন এবং তার অভিজ্ঞতার বর্ণনা দেন।
এফএইচএম
