বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স

অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স

বাংলাদেশের কাছে ঘরের মাটিতে টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। আর নিজেদের মাটিতে অজিদের এমনভাবে হারতে দেখে অবাক হয়ে পড়েছেন এবি ডি ভিলিয়ার্স। তবে বিষয়টি যে টেস্ট ক্রিকেটে দারুণ ব্যাপার, তা মানতে কোনো আপত্তি নেই দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের।

বাংলাদেশের জয় নিয়ে ভিলিয়ার্স বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশের এই জয় দারুণ ব্যাপার। তবে অস্ট্রেলিয়ার জন্য তা মোটেও ভালো বিষয় নয়। তাদেরকে নতুন করে ভাবতে হবে। সত্যি বলতে আমি বাকরুদ্ধ।’

বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা সফর। ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে আসতে আসতে কতটা উন্নতি করে ফেলেছে, এটা দেখে ভালো লাগছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কি না তা অবশ্য বড় প্রশ্ন। যদি পারে… বলা যায় না। বাংলাদেশের সবাইকে অভিনন্দন।’

পরে রসিকতা করে ডি ভিলিয়ার্স জানান, ‘বাংলাদেশের কী অভূতপূর্ব বিজয়! আমিই হয়ত সেই সৌভাগ্যের প্রতীক ছিলাম। যে দেশের ভক্তদের সঙ্গে আমার দেখা হচ্ছে, তারা ভালো করছে। সত্যি বলতে কেউই আশা করিনি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে। বিশেষ করে খেলাটা অস্ট্রেলিয়ায় ছিল বলে। ওখানে গিয়ে টেস্ট জেতা সহজ নয়।’

অস্ট্রেলিয়া টস জেতার পরও ম্যাচ হেরেছে, যেন বিশ্বাসই হচ্ছে না তার, ‘অস্ট্রেলিয়া টস জিতেছে কিনা তা বিশ্বাস করতে আমাকে গুগল করতে হয়েছে। টসে হেরেও বাংলাদেশ জিতেছে, ব্যাপারটি আশ্চর্যজনক। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে ভালোবাসে। প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এরপর তাদের ফাস্ট বোলিং কাজে লাগিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়।’

এসএইচ/এমএমএম